২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘জাপান সফর সম্পর্কে নতুন মাত্রা আনবে’

জাপান সফরকে সফল উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এ সফরের সবচেয়ে বড় সফলতা হল বাড়তি ৬০০ কোটি ডলার পাওয়ার প্রতিশ্রুতি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

প্রধানমন্ত্রীর কার্যালয় প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2014, 08:17 PM

Updated : 22 Aug 2022, 06:23 PM

শনিবার গণভবনে জাপান সফরের অভিজ্ঞতা বর্ণনা করার সময় একথা বলেন তিনি।

চারদিনের জাপান সফর শেষে বৃহস্পতিবার ঢাকায় ফেরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সফরের বিষয় তুলে ধরার জন্য প্রধানমন্ত্রীর কার্যানলয় এ সংবাদ সম্মেলনের আয়োজন করে।

লিখিত বক্তব্যে শেখ হাসিনা বলেন, “এবার সরকার গঠনের পর এই সফর ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই সফর অত্যন্ত সফল বলে আমি মনে করি এবং এর মাধ্যমে আমাদের দুদেশের মধ্যে সুসম্পর্ক এক নতুন মাত্রায় উন্নীত হবে।”

বাংলাদেশ স্বাধীন হওয়ার পর গত ৪৩ বছরে একক দেশ হিসেবে জাপান সবচেয়ে বেশি অর্থ সহায়তা দিয়েছে বাংলাদেশকে।

২০১৩ পর্যন্ত তাদের সহায়তার পরমাণ ১১ দশমিক ২২ বিলিয়ন ডলার।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফরের সময় আগামী ৪-৫ বছরে জাপান আরো ৬০০ কোটি ডলার সহায়তার প্রতিশ্রুতি দিয়েছে।

“এবারের সফরে সবচেয়ে বড় সফলতা হল বাংলাদেশকে জাপানের ৬ বিলিয়ন ডলার সহায়তা প্রদানের প্রতিশ্রুতি। এই অর্থ আগামী ৪-৫ বছরে বাংলাদেশের অর্থ সামাজিক উন্নয়নে বিনিয়োগ করা হবে। এ লক্ষ্যে অতিশীঘ্র একটি জাপানি অর্থনৈতিক সমীক্ষা দল বাংলাদেশ সফর করবে এবং আমাদের অগ্রাধিকার প্রকল্পসমূহ নির্ধারণ ও প্রণয়নে সমীক্ষা চালাবে।”

জাপান প্রতিশ্রুত অর্থায়নে সরকারের অগ্রাধিকার প্রকল্পগুলোর মধ্যে রয়েছে- গঙ্গা ব্যারেজ প্রকল্প, যমুনা নদীর ওপর বঙ্গবন্ধু সেতুর সমান্তরালে আরেকটি রেল সেতু নির্মাণ, গাইবান্ধা ও জামালপুর জেলা সংযোগ করে যমুনা নদীর নিচে বহুমুখী টানেল নির্মাণ, ঢাকা ইস্টার্ন বাইপাস নির্মাণ এবং ঢাকার চারপাশের চারটি নদী দূষণমুক্ত করার প্রকল্প।

এছাড়া জাপান আরো ১২০ কোটি ডলার সহজ শর্তে ঋণ দেবে, যে ঋণের অর্থে কক্সবাজারের মাতারবাড়িতে প্রায় ১৩০০ মেগাওয়াটের বিদ্যুত কেন্দ্র নির্মাণ করা হবে।

জাপান সফরের সময় দুই দেশের প্রধানমন্ত্রী ২১ দফা সম্বলিত একটি যৌথ ইশতেহারে স্বাক্ষর করেন এবং শেখ হাসিনা দ্বিপাক্ষিক সম্পর্ককে সার্বিক অংশীদারিত্বমূলক সম্পর্কে রূপায়নের ঘোষণা দিয়েছেন।

প্রধানমন্ত্রী বলেন, “এ অংশীদারিত্বমূলক সম্পর্ক বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় জাপানের অংশগ্রহণকে আরও বেগবান করবে, যার সুফল আমাদের জনগণ দীর্ঘমেয়াদে ভোগ করবে।”

জাপানের বাজারে বাংলাদেশ থেকে পণ্য রপ্তানিতে শুল্কমুক্ত সুবিধা দেওয়ায় গত ৫ বছরে পণ্য রপ্তানি ২০ কোটি ডলার থেকে ১০০ কোটি ডলারে উন্নীত হয়েছে।   

গত ৫ জানুয়ারি সরকার গঠনের পর প্রথম জাপান সফর করলেন শেখ হাসিনা। এর আগে ২০১০ ও ১৯৯৭ সালে প্রধানমন্ত্রী হিসেবে জাপান সফর করেন তিনি।   

২০০০ সালে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকার সময় জাপানের প্রধানমন্ত্রী বাংলাদেশ সফর করেন। জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে ‘খুব শিগগির’ বাংলাদেশ সফরে আসবেন বলেও জানান প্রধানমন্ত্রী।

“আঞ্চলিক ও আন্তর্জাতিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে আমাদের সরকারের গত পাঁচ বছর ছিল মাইলফলক। আমরা এ ধারাবাহিকতা রক্ষা করে চলেছি। শুধু জাপানই নয় চীন, ভারতসহ প্রতিবেশী সকল দেশের সাথেই দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে আমার সরকার যেকোন সময়ের চেয়ে এখন অনেক বেশি সচেষ্ট।”