রাজধানীতে তিনদিনের পর্যটন মেলা শুরু
পর্যটন শিল্প বিকাশের লক্ষ্য নিয়ে রাজধানীতে শুরু হয়েছে তিনদিনব্যাপী পর্যটন মেলা।
শুক্রবার বেলা সাড়ে ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ফেয়ার ২০১৪’ শিরোনামে এ মেলার উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
উদ্বোধনী বক্তৃতায় বাণিজ্যমন্ত্রী বলেন, “বাংলাদেশে ট্যুরিজম অত্যন্ত গুরুত্বপূর্ণ শিল্প। বিশ্বের অনেক উন্নত দেশেই এ শিল্প থেকে ভালো পরিমাণ জিডিপি আসে।
“২০১৩ সালে বাংলাদেশে এ শিল্প থেকে ৮৩০ কোটি টাকা এসেছিলো, যা জিডিপি’র ২ দশমিক ১ শতাংশ।”
বাংলাদেশ সরকার এ শিল্পের বিকাশে আন্তরিক বলেও মন্তব্য করেন বাণিজ্যমন্ত্রী।
ট্যুর অপারেটরস অফ বাংলাদেশ (টোয়াব)-এর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত এই মেলা চলবে ৩ জুন পর্যন্ত। সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত দর্শনার্থীরা মেলা ঘুরে দেখতে পারবেন।
মেলায় ভারত, নেপাল, ভুটান, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দেশের ট্যুর অপারেটরদের প্রায় একশ’ স্টল রয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
অনুষ্ঠানে বক্তৃতা রাখতে গিয়ে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের চিফ এক্সিকিউটিভ অফিসার আক্তারুজ্জামান পর্যটকদের জন্য পর্যটন খাত সংশ্লিষ্টদের করমুক্ত যানবাহন আমদানি করার সুবিধা চান বাণিজ্যমন্ত্রী তোফায়েলের কাছে।
তার দাবির প্রতি সমর্থন জানিয়ে টোয়াব-এর সদস্য মো. মনিরুজ্জামান মাসুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পর্যটকদের জন্যই আমরা করমুক্ত গাড়ি বিদেশ থেকে আনতে চাই। যেহেতু এ আয় জিডিপিতে যোগ হবে সেজন্যই আমরা বাণিজ্যমন্ত্রীর কাছে এনিয়ে দাবি তুলেছি।”
এছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টোয়াবের সভাপতি তৌফিক উদ্দীন আহমেদসহ সংগঠনটির বিভিন্ন স্তরের কর্মকর্তা, বিভিন্ন দেশের অংশগ্রহণকারী ট্যুর অপারেটর প্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন কর্মকর্তা ও কর্মচারীরা।
