২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিদেশে বাণিজ্য মেলা থেকে আয়-ব্যয়ের হিসাব চায় সংসদীয় কমিটি

বিদেশে বাণিজ্য মেলায় অংশ নিয়ে বাংলাদেশি পণ্যের কতটুকু বাজার তৈরি হয়েছে এবং এসব মেলায় অংশ নেয়া বাবদ আয়-ব্যয়ের হিসাব জানতে চেয়েছে সংসদীয় কমিটি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 May 2014, 10:36 PM

Updated : 22 Aug 2022, 06:22 PM

বুধবার জাতীয় সংসদে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে রপ্তানি উন্নন ব্যুরোর কাছে এ বিষয়ে জানতে চাওয়া হয়।

বৈঠক শেষে কমিটির সভাপতি মো. আলী আশরাফ সাংবাদিকদের বলেন, “বিদেশে বিভিন্ন বাণিজ্য মেলায় বাংলাদেশ অংশ নিচ্ছে। প্রায় প্রতিবছরইতো বিভিন্ন বাণিজ্য মেলায় অংশ নেয়া হচ্ছে। অনেকে বিদেশ সফরও করছেন। কিন্তু এর ফলাফলটা কী?

“বিদেশে বাংলাদেশি কোন পণ্যের বাজার কী পরিমাণ তৈরি হয়েছে সেটা কমিটি জানতে চেয়েছে।”

রপ্তানি উন্নয়ন ব্যুরোকে কমিটির আগামী বৈঠকে এ বিষয়ে বিস্তারিত জানাতে বলা হয়েছে, বলেন আলী আশরাফ।

বৈঠকে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি) কার্যক্রম নিয়েও আলোচনা হয়েছে বলে জানান কমিটির সভাপতি।

বৈঠকে কমিটির পক্ষ থেকে টিসিবিকে তার কার্যক্রমের ‘বিস্তারিত’ জানাতে বলা হয়েছে।

আলী আশরাফ বলেন, “টিসিবি প্রতিনিয়ত তাদের কার্যক্রম চালাচ্ছে। কিন্তু তার এই কার্যক্রমে জনগণ কতটুকু উপকৃত হচ্ছে? লাইনে দাঁড়িয়ে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কতজন কিনছে? এগুলোর মূল্যায়ন প্রয়োজন। এ বিষয়গুলো কমিটিকে জানাতে বলা হয়েছে।”

বৈঠকে জানানো হয়, বর্তমানে টিসিবির কাছে ৩ হাজার ৫৯০ মেট্রিক টন চিনি, ৩ হাজার ১০৭ মেট্রিক টন সয়াবিন তেল, ১ হাজার ৫২৬ মেট্রিক টন পাম ওয়েল, ৩ হাজার ৪২৫ মেট্রিক টন মসুর ডাল মজুদ রয়েছে। 

বৈঠকে ভোক্তা অধিকারকে শক্তিশালী করতে কি কি পদক্ষেপ নেয়া সে বিষয়ে মন্ত্রণালয়ের সুনির্দিষ্ট কার্যক্রম সম্বলিত প্রতিবেদন পরবর্তী বৈঠকে উপস্থাপনের সুপারিশ করা হয়।

মো. আলী আশরাফের সভাপতিত্বে বৈঠকে অংশ নেন কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, মো. মোতাহার হোসেন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ ক ম বাহাউদ্দীন, মো. ছানোয়ার হোসেন, মো. মনজুরুল ইসলাম লিটন এবং লায়লা আরজুমান বানু।