বিল পরিশোধ না করায় জনতা ব্যাংকের জরিমানা
যথাসময়ে আমদানি বিল পরিশোধ না করায় রাষ্ট্রায়ত্ত জনতা ব্যাংককে ৫০ হাজার টাকা জরিমানা করেছে কেন্দ্রীয় ব্যাংক।
মঙ্গলবার জরিমানা পরিশোধ করার জন্য জনতা ব্যাংক কর্তৃপক্ষকে চিঠি পাঠানো হয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ব্যাংক রয়েছে যারা সময়মত আমদানি বিল পরিশোধ করছে না। তাদেরকে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে বিল পরিশোধে বারবার লিখিত ও মৌখিককভাবে তাগাদা দেওয়া হয়েছে। এরপরও অনেক ব্যাংক বিদেশি ব্যাংকের পাওনা পরিশোধ করছে না।
“এতে বিদেশে দেশের ব্যাংক ব্যবস্থার ভাবমুর্তি ক্ষুণ্ন হচ্ছে। আবার দেরি করে বিল দেওয়ার জন্য সুদ পরিশোধসহ ব্যয়ও বাড়ছে, যা আমদানিকে ব্যয়বহুল করে ফেলছে।
ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এর ১০৯(৭) ধারার আওতায় আমদানি বিল পরিশোধ না করায় প্রথমবারের মতো কোনো ব্যাংককে জরিমানা করা হলো বলে জানান ডেপুটি গভর্নর।
জরিমানার বিষয়ে জানতে চাইলে জনতা ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোলাম সারওয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি বাংলাদেশ ব্যাংকের কোন চিঠি পাইনি। তবে এটা বলতে পারি জনতা ব্যাংক সব বিল পরিশোধে আন্তরিক।”
বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, আমদানির বিপরীতে ব্যাংকের দেয়া গ্রহণযোগ্যতা সনদে আমদানির বিল পরিশোধ করার তারিখ উল্লেখ থাকে।
দেশে কার্যরত কমপক্ষে ২৮টি ব্যাংক সময়মতো আমদানি বিল পরিশোধ করছে না বলে জানান তারা।
তারা জানান, জনতাসহ এসব ব্যাংককে সময়মতো আমদানি বিল পরিশোধ না করার কারণ জানতে চেয়ে নোটিশ দেওয়া হলেও তারা সন্তোষজনক কোনো জবাব দিতে পারেনি।
আগামীতে অভ্যন্তরীণ বিল সময়মত পরিশোধ না করার জন্যও জরিমানার বিধান করার উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান তারা।
