এরিকসনে পরিবর্তন
প্রতিযোগিতামূলক বাজারে সেবার মান বাড়াতে সম্প্রতি মোবাইল ও ইন্টারনেটের নেটওয়ার্ক সরবরাহকারী প্রতিষ্ঠান এরিকসন তাদের ব্যবসাকে দুইটি ভাগে করে পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে।
রোববার প্রতিষ্ঠানটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এরিকসন তাদের ব্যবসায়িক নেটওয়ার্ককে ‘রেডিও’ এবং ‘ক্লাউড ও আইপি’ এই দুইভাগে ভাগ করে পরিচালনা করবে।
‘রেডিও’ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ বিজনেস পদে নিয়োগ পেয়েছেন অরুন বানসাল।
অন্য বিভাগ ‘ক্লাউড এবং আইপি’ বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অফ বিজনেস পদে নিয়োগ পেয়েছেন অ্যান্ডারস লিন্ডব্লড।
আগামী জুলাই মাস থেকে অরুন বানসাল এবং অ্যান্ডারস লিন্ডব্লড বিভাগ দুইটির দায়িত্ব নিতে যাচ্ছেন।
এরিকসনের প্রধান নির্বাহী কর্মকর্তা এবং প্রেসিডেন্ট হ্যানস ভেস্টবার্গ বলেন, “অরুন এবং অ্যান্ডারস দুজনেই বেশ অভিজ্ঞ। বিভিন্ন প্রতিযোগিতামূলক পরিবেশে কাজ করার ক্ষেত্রে তারা সফল। রেডিও প্রযুক্তিতে নেতৃত্ব বজায় রাখা এবং বাজারে ফাইভ জি বিকাশের সময়ে ক্লাউড এবং আইপি ক্ষেত্রে দৃঢ় অবস্থান ধরে রাখতে আমরা প্রতিজ্ঞ।
দুজনের অভিজ্ঞতা এবং ব্যবসা কৌশল নতুন দুটি ব্যবসায়িক বিভাগকে সফল করতে ভূমিকা রাখবে।
ব্যবসা, বাজার এবং ব্যবস্থাপনা নিয়ে অরুন বানসাল এবং লিন্ডব্লড এর আছে দীর্ঘদিনের অভিজ্ঞতা। বর্তমানে অরুন বানসাল এরিকসনের দক্ষিণপূর্ব এশিয়া এবং ওসেনিয়া অঞ্চলের প্রধান হিসেবে কাজ করছেন। বানসাল ২০ বছর ধরে এরিকসনের ব্যবসা পরিচালনা, নীতি নির্ধারণ এবং প্রযুক্তি খাতে দক্ষতা দেখিয়েছেন।
অ্যান্ডারস লিন্ডব্লড আছেন মধ্যপ্রাচ্য অঞ্চলে এরিকসনের প্রধান হিসাবে কাজ করছেন। ১৭ বছর ধরে ব্যবসা উন্নয়ন এবং বাণিজ্যিক পরিচালনায় এরিকসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন।
