২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চা নিলাম কেন্দ্র চট্টগ্রামে রাখতে মন্ত্রীকে চিঠি

চা নিলাম কেন্দ্র চট্টগ্রাম থেকে শ্রীমঙ্গলে সরিয়ে নেয়ার সিদ্ধান্ত প্রত্যাহার চেয়ে বাণিজ্যমন্ত্রীকে অনুরোধ করে চিঠি দিয়েছেন চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 May 2014, 09:39 PM

Updated : 22 Aug 2022, 06:20 PM

শনিবার সভাপতি মাহবুবুল আলমের পক্ষ থেকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের কাছে পাঠানো ওই চিঠিতে চা নিলাম চট্টগ্রামে বহাল রাখারও আহ্বান জানানো হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে চট্টগ্রাম চেম্বার।  

চিঠিতে বলা হয়েছে, অতি সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয় থেকে শ্রীমঙ্গলে নিলাম চালুর নির্দেশ দিয়েছে।

১৯৪৯ সালে চট্টগ্রামের আগ্রাবাদে চা নিলাম কেন্দ্র প্রতিষ্ঠা করা হয়। একে কেন্দ্র করে চট্টগ্রামে ১৩টি ওয়্যারহাউস, ছয়টি ব্রোকার হাউস, পরিবহন ও বিপণন ব্যবস্থা গড়ে উঠেছে।

চিঠিতে মাহবুবুল আলম বলেন, চট্টগ্রামের নিলামে টি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশের (টিটিএবি) ২৩৬ জন সদস্য নিয়মিত অংশগ্রহণ করে। শ্রীমঙ্গলে নিলাম বাজার নেয়া হলে বাগান মালিক বা ব্যবসায়ীদের জন্য কোনো সুযোগ সৃষ্টি হবে না।

শ্রীমঙ্গলে নতুন করে অবকাঠামো গড়ে তোলা দীর্ঘ সময়সাপেক্ষ। পাশাপাশি চট্টগ্রামের অবকাঠামোগুলো অকার্যকর এবং সংশ্লিষ্ট লোকবল কর্মসংস্থান হারানোর আশঙ্কা রয়েছে।

চেম্বার সভাপতি চিঠিতে চা নিলাম কেন্দ্র চট্টগ্রাম থেকে সরিয়ে নেয়া সংক্রান্ত কার্যক্রম স্থগিত করে নিলাম কেন্দ্র চট্টগ্রামে বহলা রাখার জন্য মন্ত্রীকে অনুরোধ জানান।