ইকোনো বলপেনের প্রস্তুতকারক জি কিউকে জরিমানা
নিরীক্ষা প্রতিবেদনে ‘মিথ্যা’ তথ্য দেয়ায় ইকোনো ব্র্যান্ডের বলপেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান জি কিউ বলপেনের চার পরিচালককে জরিমানা করেছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।
মঙ্গলবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নিয়মিত কমিশন সভায় এ সিদ্ধান্ত হয় বলে বিএসইসি’র এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
এতে বলা হয়, কমিশন সভায় জি কিউয়ের চার পরিচালকের প্রত্যেককে আড়াই লাখ টাকা করে জরিমানার সিদ্ধান্ত হয়েছে।
এই পরিচালকরা হলেন- কাজী সালেমুল হক, সালমা হক, কাজী এম সালমান সরোয়ার ও সারা হক। এরমধ্যে কাজী সালেমুল হক ১৯৯১ সালে বিএনপির টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন।
বোনাস শেয়ার ইস্যুর মাধ্যমে নগদ প্রবাহ দেখানো, স্থায়ী সম্পদের ওপর অবচয় ধার্য না করা এবং কর সংক্রান্ত তথ্য প্রকাশ না করায় জরিমানা গুণতে হচ্ছে ওই চার পরিচালককে।
এছাড়া কোম্পানির বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ নিরীক্ষা প্রতিবেদনে যাচাই করতে ব্যর্থ হওয়ায় নিরীক্ষক আতা খান অ্যান্ড কোম্পানির ব্যাপারে ব্যবস্থা নিতে সুপারিশ করে বিএসইসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জি কিউ বলপেন গত ৩১ ডিসেম্বর নিরীক্ষিত আর্থিক প্রতিবেদনে বোনাস শেয়ার বা স্টক ডিভিডেন্ড ইস্যুর মাধ্যমে শেয়ার ক্যাপিটাল বাড়িয়ে দেখায়।
এর বিপরীতে কোম্পানিটির ‘ক্যাশ ফ্লো স্টেটমেন্টে’ উদ্বৃত্তপত্রে এক কোটি ৮ লাখ টাকা দেখানো হয়।
কিন্তু ওই হিসাবটি প্রকৃতপক্ষে অনগদায়ন হিসেব হওয়ায় কোম্পানির উদ্বৃত্তপত্রে অতিরিক্ত এক কোটি ৮ লাখ টাকার ‘নগদ ও ব্যাংক ব্যালেন্স’ দেখানো হয়েছে, যা বিএসইসি আইন অনুযায়ী দণ্ডনীয়।
এছাড়া জি কিউয়ের ২০১২ সালের আর্থিক প্রতিবেদনে ২২ কোটি ৫৭ লাখ টাকার পুনর্মূল্যায়িত স্থায়ী সম্পদের ওপর কোনো অবচয় ধরা হয়নি।
সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের আইন অনুযায়ী পুনর্মূল্যায়িত সম্পদের ওপর যথাযথ সারসংক্ষেপও দেয়নি জি কিউ।
