২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মোদিতে চাঙা পুঁজিবাজার

বুথ ফেরত জরিপে নরেন্দ্র মোদির ভারতের প্রধানমন্ত্রী হওয়ার আভাসে চাঙা হয়েছে দেশটির পুঁজিবাজার।

ফারহান ফেরদৌস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2014, 09:06 PM

Updated : 25 Apr 2022, 04:10 PM

ভারতের বিভিন্ন সংবাদ মাধ্যম বলেছে, মঙ্গলবার ভারতের শেয়ারবাজারে রেকর্ড পরিমাণ সূচক বেড়েছে, যে ধারা আগের দুদিনও লক্ষ করা গেছে পুঁজিবাজারে।

সোমবার নবম ও শেষপর্বে ভারতের লোকসভা নির্বাচনের ভোটগ্রহণ হওয়ার পর রাতেই কয়েকটি গবেষণা প্রতিষ্ঠানের বুথ ফেরত জরিপে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটের একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পূর্বাভাস দেয়া হয়।

এরপর মঙ্গলবার সকালেই বিএসই সেনসেক্স সূচক আগের দিনের চেয়ে ৩৭০ পয়েন্ট বেড়ে যায়। দিনশেষে আগের দিনের চেয়ে ২ দশমিক ২ শতাংশ বেড়ে এ যাবৎকালের সর্বোচ্চ ২৪ হাজার ৬৮ দশমিক ৯৪ পয়েন্টে দাঁড়ায়।

অন্যদিকে নিফটিও আগের দিনের চেয়ে ২ দশমিক ৩ শতাংশ বেড়ে রেকর্ড সাত হাজার ১৭২ দশমিক ৩৫ পয়েন্টে দাঁড়ায়।

ভারতের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর ভোটিং অপিনিয়ন অ্যান্ড ট্রেন্ডস ইন ইলেকশন রিসার্চ (সি-ভোটার) তাদের বুথ ফেরত জরিপে বলেছে, বিজেপি নেতৃত্বাধীন ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স  (এনডিএ) লোকসভায় ২৮৯টি আসন পেতে চলেছে।

অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট পাচ্ছে ১০১টি আসন,যা হবে তাদের সর্বকালের সবচেয়ে খারাপ ফল।

সি-ভোটার বলেছে, লোকসভার ৫৪৩টি নির্বাচনী আসন থেকে দৈবচয়নের ভিত্তিতে এক লাখ ৬৬ হাজার ৯০১ জনের মতামত নিয়ে তারা এ জরিপ করেছেন।

এদিকে সিসেরোর আরেকটি বুথ ফেরত জরিপে বলা হয়েছে, এনডিএ জোট ২৬১ থেকে ২৮৩টি আসন পেতে চলেছে, যেখানে একক সংখ্যাগরিষ্ঠতার জন্য তাদের প্রয়োজন ২৭২ আসন।

বুথ ফেরত জরিপের ফল বাস্তবে রূপ নিলে গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার আসলে তা বিনিয়োগবান্ধব হবে বলে প্রত্যাশা বিনিয়োগকারীদের।

তবে এক্ষেত্রে তাদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অনেক বিশ্লেষক।

অতীতে ভারতে নির্বাচনী বুথ ফেরত জরিপের ফল বিফল হওয়ার নজির থাকার বিষয়টি স্মরণ করিয়ে দিয়েছেন তারা।

পুরনো খবর:

একক সংখ্যাগরিষ্ঠতার পথে বিজেপি: জরিপ