বৈদ্যুতিক সরঞ্জামের কাঁচামালে শুল্কছাড়ের দাবি
আসন্ন অর্থবছরের বাজেটে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির কাঁচামাল ‘ইউরিয়া রেজিনের’ আমদানি শুল্ক কমিয়ে ১০ শতাংশ নির্ধারণের দাবি জানিয়েছেন উৎপাদনকারীরা।
মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ইলেকট্রিক্যাল মার্চেন্ডাইস ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন এ দাবি জানিয়েছে।
সংগঠনের সভাপতি এনায়েত হোসেন চৌধুরী বলেন, “বাংলাদেশে যে আটটি প্রতিষ্ঠান ইউরিয়া রেজিন তৈরি করে তা মেলামাইন পণ্য উৎপাদনে ব্যবহৃত হয়। এসব প্রতিষ্ঠানের ইউরিয়া রেজিন দিয়ে বৈদ্যুতিক পণ্য তৈরি সম্ভব নয়।”
“কিন্তু এই আটটি প্রতিষ্ঠানকে সুবিধা দিতে গিয়ে ইউরিয়া রেজিনের আমদানি শুল্ক ২৫ শতাংশ করা হয়েছে, যা আগে ছিল ১২ শতাংশ।”
ব্যবসায়ী এই নেতা বলেন, “দুটোই দেশীয় শিল্প। তাদেরকে রক্ষার দায়িত্ব সরকার নিলে আমাদের দায়িত্বও সরকারকে নিতে হবে।”
“আমাদের কাঁচামালের জন্য আলাদা এইচএস কোড দিয়ে আমদানির ব্যবস্থা করা হোক। আর ১০ শতাংশ শুল্ক নির্ধারণ করা হোক। নতুবা এই শিল্প টিকে থাকতে পারবে না।”
সংবাদ সম্মেলনে জানানো হয়, দেশে বর্তমানে ৫ শতাধিক বৈদ্যুতিক সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠানে প্রায় ৬০ হাজার লোকের কর্মসংস্থান হয়েছে।
সংবাদ সম্মেলনে সংগঠনের সহসভাপতি আজিবুর রহমান, পরিচালক শাহীন আহমেদ, শহীদুল ইসলাম, সাবেক সভাপতি মোশাররফ হোসেন উপস্থিত ছিলেন।
