কন্টেইনার জাহাজ ‘এমভি ওইএল’ উদ্বোধন
সিঙ্গাপুর থেকে চট্টগ্রাম হয়ে কলম্বো রুটে সংযোজিত হয়েছে নতুন কন্টেইনার জাহাজ ‘এমভি ওইএল বাংলাদেশ’
রোববার চট্টগ্রামে আনুষ্ঠানিকভাবে জাহাজটির উদ্বোধন করেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
কন্টেইনার জাহাজটি চট্টগ্রাম বন্দর প্রশিক্ষণ ইন্সটিটিউটে তৈরি করা হয়।
জাহাজটি উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ওরিয়েন্ট এক্সপ্রেস লাইন (ওইএল) কোম্পানির বাংলাদেশের প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ‘গ্যালাক্সি বাংলাদেশ লিমিটেডের’ প্রেসিডেন্ট আহমেদ ইউসুফ ওয়ালিদ।
অনুষ্ঠানে নৌমন্ত্রী বলেন, নৌ বাণিজ্য বাড়াতে বর্তমান সরকার বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। মংলা বন্দরকে সচল করতেও বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তিনি বলেন, “চট্টগ্রাম বন্দর পরিচালনায় স্বচ্ছতার ক্ষেত্রে আমাদের কোন কার্পণ্য নেই। চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কন্টেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার ব্যাপারে আলোচনা চলছে। বন্দরের সক্ষমতা বাড়াতে বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও কেনা হচ্ছে।
“দেশে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়ন হয়। এটি বজায় রাখতে সরকার খুবই কঠোর।”
সোনদিয়ায় গভীর সমুদ্র বন্দর নির্মাণের কাজ এ সরকারের আমলেই শুরু করা হবে বলেও জানান শাজাহান খান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নৌ-পরিবহন সচিব সৈয়দ মনজুরুল ইসলাম, চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজামউদ্দিন আহমেদ, বিজিএমইএ’র বন্দর ও জাহাজিকরণ বিষয়ক কমিটির চেয়ারম্যান নাসির উদ্দিন চৌধুরী এবং ওইএল সিঙ্গাপুর প্রাইভেট লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা বিজু ওমেন প্রমুখ।
চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল নিজাম উদ্দিন আহমেদ বলেন, “আগামী এক বছরের মধ্যে এনসিটি টার্মিনাল চালু হবে। এটি চালু হলে আগামী তিন বছরে বন্দরের সক্ষমতা দ্বিগুণ হবে।”
পানামার পতাকাবাহী ওইএলের জাহাজটি সিঙ্গাপুর-চট্টগ্রাম-কলম্বো রুটে আমদানি-রপ্তানি পণ্যের কন্টেইনার পরিবহন করবে বলে অনুষ্ঠানে জানানো হয়।
এটি ২০ ফুট দৈর্ঘ্যের ১৭২৮টি কন্টেইনার ধারণক্ষমতা সম্পন্ন।
পানামার পতাকাবাহী জাহাজটির স্থানীয় এজেন্ট জিবিএক্স লজিস্টিক লিমিটেড।
