বাংলাদেশের পানীয়তে বিভিও নেই: কোকা-কোলা
যুক্তরাষ্ট্রের বাজারে থাকা নিজেদের পণ্য থেকে বিতর্কিত যে উপাদানটি সরিয়ে নিচ্ছে কোকা-কোলা, সেই বিভিও বাংলাদেশের কোমল পানীয়তে নেই বলে দাবি করেছে কোম্পানিটি।
জনমতের চাপে যুক্তরাষ্ট্রে কোমল পানীয় থেকে পেপসির পর কোকা-কোলাও বিভিএ সরিয়ে নিচ্ছে বলে বিবিসিকে উদ্ধৃত করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রতিবেদন প্রকাশের পর বিষয়টি বাংলাদেশে এই প্রতিষ্ঠানের কর্মকর্তাদের নজরে আসে।
এরপর বহুজাতিক এই প্রতিষ্ঠানের প্রধান শাদাব আহমেদ খান বৃহস্পতিবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বাংলাদেশে আমরা এমন কোনো পানীয় তৈরি করি না বা বিক্রি করি না, যাতে বিভিএ রয়েছে।”
ব্রোমিনমিশ্রিত ভেষজ তেল (বিভিও) প্রধানত পানীয়ের মিশ্রণ ধরে রাখতে ব্যবহৃত হয়। নির্দিষ্ট মাত্রায় এর ব্যবহার যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে সিদ্ধ হলেও ইউরোপে নিষিদ্ধ।
শাদাব বলেন, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশেও কোকা-কোলা যে বিভিও ব্যবহার করে, তা নিরাপদ এবং তা সংশ্লিষ্ট দেশের আইন মেনেই করা হয়।
জনমতের চাপের মধ্যে বিভিও সরিয়ে নেয়ার সিদ্ধান্ত নিলেও তার স্বাস্থ্য নিরাপত্তা ঝুঁকির কারণে নয় বলে দাবি করেন তিনি।
মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে বলা হয়, ফান্টা ও পাওয়ারএডে বিভিও ব্যবহার করে আসছিল কোকা-কোলা, যা সরিয়ে নেয়ার সিদ্ধান্ত হয়েছে।
কোকা-কোলা এই উপাদানটিকে নিরাপদ দাবি করলেও চিকিৎসা সেবা ও গবেষণা সংস্থা মায়ো ক্লিনিকের গবেষকদের মতে, অধিক পরিমাণে বিভিওযুক্ত কোমল পানীয় পানের ফলে স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব পড়তে পারে।
