মুনাফা বেড়েছে গ্রামীণফোনের
চলতি বছরের প্রথম তিন মাসে গ্রামীণফোনের মুনাফা গত বছরের একই সময়ের চেয়ে প্রায় ১৪ শতাংশ বেড়েছে।
২০১৪ সালের জানুয়ারি-মার্চ সময়ে ৫১৬ কোটি টাকা মুনাফা করেছে কোম্পানিটি, যা আগের বছরের চেয়ে ৬২ কোটি টাকা বেশি।
২০১৩ সালের প্রথম প্রান্তিকে গ্রামীণফোন মুনাফা করেছিল প্রায় ৪৫৪ কোটি টাকা।
মঙ্গলবার রাজধানীর হোটেল ওয়েস্টিনে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান কোম্পানির প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) মইনুর রহমান ভুঁইয়া।
সংবাদ সম্মেলনে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা বিবেক সুদ বলেন, “প্রধানত নতুন গ্রাহকদের আউটগোয়িং কল বৃদ্ধি, থ্রি-জি চালু হওয়ায় ডাটা রাজস্ব বৃদ্ধি, এসএমএস এবং ক্যাম্পেইনভিত্তিক কনটেন্ট সেবার কারণে কোম্পানির এই প্রবৃদ্ধি হয়েছে।”
এছাড়াও স্থানীয় ও আন্তর্জাতিক আন্তঃসংযোগ, হোলসেল এবং ফিনান্সিয়াল সার্ভিস এই প্রবৃদ্ধিতে ভূমিকা রেখেছে বলে উল্লেখ করেন তিনি।
সিইও বলেন, “এই প্রান্তিকে গ্রামীণফোন ১৫ লাখ ৭০ হাজার নতুন গ্রাহক সংগ্রহ করেছে, যার ফলে মোট গ্রাহকসংখ্যা দাঁড়িয়েছে ৪ কোটি ৮৬ লাখ এবং মার্কেট শেয়ার হয়েছে ৪২ দশমিক ২ শতাংশ।”
কোম্পানির আর্থিক প্রতিবেদনে বলা হয়েছে, মোট বিক্রির হিসাবে গত বছরের প্রথম প্রান্তিকের তুলনায় এই প্রান্তিকে পরিচালন খরচ ২ শতাংশ কমেছে।
বিবেক বলেন, “অর্থনৈতিক কার্যক্রম আবার শুরু হওয়ায় ২০১৩ সালের চতুর্থ প্রান্তিকের মন্দা কাটিয়ে এই প্রান্তিকে গ্রামীণফোন সাফল্যের ধারায় ফিরছে।”
মঙ্গলবার ডিএসইতে লেনদেনের শীর্ষে ছিল গ্রামীণফোন। শেয়ারবাজারের মোট লেনদেনের ১০ শতাংশের বেশি লেনদেন হয়েছে গ্রামীণফোনের শেয়ার।
মঙ্গলবার কোম্পানির শেয়ারের দাম দশমিক ৭৮ শতাংশ বেড়েছে ।
