২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘আগ্রাসী’ ব্যাংকিংয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি

‘রাজনৈতিক বিবেচনায়’ অনুমোদন পাওয়া নতুন ব্যাংকগুলোকে আগ্রাসী ব্যাংকিং না করার ব্যাপারে সতর্ক করে দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 10:16 PM

Updated : 22 Aug 2022, 06:10 PM

বুধবার নতুন ৯ ব্যাংকের পরিচালনা ও ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করে এ সতর্কতা জানানো হয়।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বৈঠকে গভর্নর আতিউর রহমান, ৯টি ব্যাংকের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নররা উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী সাংবাদিকদের বলেন, মূলত নতুনভাবে কার্যক্রম শুরুর এক বছরে তাদের অর্জন মূল্যায়ন করা এবং আগামীতে কিভাবে কাজ করবে সে বিষয়ে আলোচনার জন্য এ বৈঠক ডাকা হয়।

Image
বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন মোশাররফ হোসেন

বাংলাদেশ ব্যাংক পুরস্কার পাচ্ছেন মোশাররফ হোসেন

“ব্যাংকগুলো কার্যক্রম শুরুর আগে তাদের বিজনেস প্ল্যান দিয়েছিল, তাতে আমানত সংগ্রহ, ঋণ বিতরণ, গ্রাহক সেবা, প্রবাসীদের জন্য নতুন ব্যাংক পণ্য, পোর্টফোলিও বিনিয়োগ ও বিদেশী বিনিয়োগ বাড়ানোর বিষয়ে পরিকল্পনা ছিল। সেসব বিষয়ে অগ্রগতি দেখার চেষ্টা করেছি। দেখা গেছে একেকটা বিষয়ে ৩০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত অগ্রতি অর্জিত হয়েছে।”

বাংলাদেশ ব্যাংকের ‘অন-সাইট ইন্সপেকশনে’ দুই-একটি বিষয়ে ভায়োলেশন ধরা পড়ায় সেসব বিষয়ে নির্দেশনা দেয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “দুই-একটি ব্যাংক ‘সিঙ্গেল বরোয়ার  এক্সপোজার’ লিমিট ভঙ্গ করে ঋণ দিয়েছে। কেউ একটু বেশি ঋণ ঝুঁকি নিয়ে ফেলেছে। আমরা এসব বিষয়ে তাদের সতর্ক করেছি।

“আমরা বলেছি, বাংলাদেশ ব্যাংক ঠিক করে দিয়েছে পরিচালনা পর্ষদ কী করবে, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কী করবে। তারা যেন এর বাইরে না যায়। ঋণ ঝুঁকি, দায়-সম্পদ ব্যবস্থাপনার ঝুঁকি, মুদ্রা পাচার ঝুঁকি বিষয়ে যেসব গাইডলাইন আছে তা যেন মেনে চলে।”

 “সোজা কথা হচ্ছে আমরা তাদের সতর্ক করেছি, যাতে কোনো ধরনের আগ্রাসী ব্যাংকিং না করে। গভর্নর তাদেরকে বলেছেন, যত বিজ্ঞ পরিচালনা পর্ষদ থাকুক আর যা-ই থাকুক, কোনো গরমিল হলে বাংলাদেশ ব্যাংক রেফারির যে ভূমিকা, তা নেবেই,” বলেন ডেপুটি গভর্নর।

ব্যাংকগুলো রাজধানীতে বেশি শাখা খোলার অনুমোদন দেয়ার জানিয়েছে বলে জানান সুর চৌধুরী।

এছাড়া তাদের ‘বি’ ক্যাটাগরির পৌরসভার শাখাগুলোকে গ্রামীণ শাখা হিসেবে স্বীকৃতি দেয়ার দাবির প্রতি গভর্নর ইতিবাচক মনোভাব দেখিয়েছেন বলে জানান এস কে সুর চৌধুরী।

বৈঠকে পরিচালনা পর্ষদ যেন ব্যাংকের দৈনন্দিন কাজে হস্তক্ষেপ না করে সে বিষয়ে সুষ্পষ্ট নির্দেশনা দেয়া হয়েছে।

বৈঠকের বিষয়ে সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংকের চেয়ারম্যান এসএম আমজাদ হোসেন বলেন, “নতুন ব্যাংকগুলোর কোনো ধরনের ত্রুটি-বিচ্যুতি আছে কি না সে বিষয়ে মতবিনিময় করতেই এই বৈঠক।

“বাংলাদেশ ব্যাংক আমাদের কিছু নির্দেশনা দিয়েছে, আমরা কিছু বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সহযোগিতা চেয়েছি। তবে সামগ্রিকভাবে বলবো নতুন ব্যাংকগুলো ভালো করছে।”