২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

শিল্পপার্কের জমি অধিগ্রহণ শেষ পর্যায়ে: তোফায়েল

চীনের সহযোগিতায় মুন্সীগঞ্জের বাউশিয়ায় শিল্পপার্ক স্থাপনের জন্য জমি অধিগ্রহণের কাজ শেষ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Apr 2014, 08:15 PM

Updated : 22 Aug 2022, 06:11 PM

বুধবার কাওরান বাজারের টিসিবি ভবনে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির প্রথম সভা শেষে তিনি এ কথা জানান।

তোফায়েল আহমেদ বলেন, “বাউশিয়ার প্রায় ৫০০ একর জমি অধিগ্রহনের প্রক্রিয়া প্রায় শেষ ।শিল্পপার্ক স্থাপনে চীনের একটি কোম্পানির সঙ্গে এ বিষয়ে আলোচনা চলছে। তারা ৩ বছরের মধ্যে পার্কটি স্থাপন বলে ঠিক করেছে।

“এটি স্থাপনে ১.২ বিলিয়ন ডলার খরচ হবে। তারা (চীনা কোম্পানি) ম্যাপ তৈরি করে আমাকে দেখিয়েছে। খুবই চমত্কার। সেখানে আড়াইশ কারখানা বানানো যাবে। তিন লাখ শ্রমিক কাজ করবে। ৩ বিলিয়ন ডলার রপ্তানি হবে।”

শিল্পপার্ক স্থাপনের বিষয়ে প্রধানমন্ত্রীর সঙ্গেও আলোচনা হয়েছে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

এখানকার কারখানাগুলো কমপ্লায়েন্স ফ্যাক্টরির বড় দৃষ্টান্ত হবে উল্লেখ করে তোফায়েল বলেন, “আজকে আমাদের যেসব এক্সপোর্ট অরিয়েন্টেড ইন্ডাস্ট্রি আছে সেগুলোর কোন কোনটির বিল্ডিং স্ট্র্যাকচার করতে হবে। স্ট্রাকচারাল ইন্টিগ্রিটির যে প্রেসার আছে, সেটার ব্যবস্থাও কিন্তু আমাদের করতে হবে। আমরা চাই না, এদেশে আবার রানা প্লাজার মতো ঘটনা ঘটুক।”

মন্ত্রীর নিজের এলাকা ভোলায় শিল্প কারখানা স্থাপনের জন্য ব্যাবসায়ীদের আহবান জানান।

“সেখানে আমরা অনেক গ্যাস পাচ্ছি। একটি রাশিয়ান কোম্পানি সেখানে দুটো কূপ খনন করবে। ২৫০ মেগাওয়াটের পাওয়ার প্ল্যান্ট বসানোর কাজ চলছে। আপনারা এখানে শিল্প স্থাপন করুন।”

বিনিয়োগ বোর্ডকে গতিশীল করার উদ্যোগ নেয়া হবে বলে ব্যবসায়ীদের আশ্বস্ত করেন তিনি।

এর আগে বাণিজ্য সহায়ক পরামর্শক কমিটির সভায় ব্যাবসায়ীরা তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি এ কে আজাদ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করার অনুরোধ জানান।

দেশের পোশাক শিল্পকে বিশ্বে তুলে ধরতে আন্তর্জাতিক লবিস্ট নিয়োগের দাবি জানান বিজিএমইএ সভাপতি আতিকুল ইসলাম।

সভায় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবেক সভাপতি সালমান এফ রহমান, তপন চৌধুরী, ওয়েস্টার্ন মেরিনের চেয়ারম্যান সাইফুর রহমান সভায় উপস্থিত ছিলেন।