২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টিকফা বৈঠকে অগ্নিনির্বাপক যন্ত্রপাতির শুল্ক প্রত্যাহারের ঘোষণা

‘সমস্যা সমাধানের’ মানসিকতা নিয়ে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের মধ্যে টিকফা নিয়ে ঢাকায় প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 11:02 PM

Updated : 13 Oct 2022, 12:02 PM

সোমবার রাজধানীর সোনারগাঁও হোটেলে অনুষ্ঠিত বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে অগ্নিনির্বাপক যন্ত্রপাতি আমদানিতে শুল্ক প্রত্যাহারের ঘোষণা দেয়া হয়।

বৈঠকে বাংলাদেশের পক্ষে প্রতিনিধি দলের নেতৃত্ব দেন বাণিজ্য সচিব মাহবুব আহমেদ। যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দক্ষিণ এশিয়া বিষয়ে সহকারী বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি।

পরে এক যৌথ সংবাদ সম্মেলনে ডিলানি বলেন, অত্যন্ত ফলপ্রসূ এবং বাস্তবধর্মী বৈঠক হয়েছে।

তিনি বলেন, যে প্রতিশ্রুতির ভিত্তিতে টিকফার জন্ম তার ‘শতভাগ’ তিনি দেখতে পেয়েছেন।    

তারা বৈঠকে উভয় পক্ষ থেকে বিভিন্ন বিষয় উত্থাপন করেছেন। তবে বাণিজ্য ও বিনিয়োগে প্রতিবন্ধকতার বিষয়গুলো নিয়ে উভয় পক্ষেরই আলোচনা ছিল।

তিনি বলেন, দুদেশের মধ্যে বাণিজ্য বাড়াতে প্রতিবন্ধকতাগুলো দূর করার লক্ষ্য নিয়েই টিকফা চুক্তি করা হয়েছিল।

যুক্তরাষ্ট্রের এই কর্মকর্তা বলেন, তৈরি পোশাক শিল্পের অগ্নি নিরাপত্তার জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি আমদানিতে বাংলাদেশ শুল্কমুক্ত করার ঘোষণা দেয়ায় তারা খুশী।

বাণিজ্য সচিব বলেন, তারা দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ পরিস্থিতি, জিএসপি কর্মপরিকল্পনা এবং পণ্য ও সেবার বাজার সুবিধা, বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ও প্রযুক্তি হস্তান্তর, বালি প্যাকেজ বাস্তবায়ন ও ইস্তাম্বুল কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেছেন।

তিনি বলেন, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে অগ্নিনির্বাপক যন্ত্রপাতির শুল্ক, ডায়াবেটিসের ওষুধ, মুদ্রা, বিলম্ব পরিশোধ, মেধাস্বত্ত্ব অধিকার ও আঞ্চলিক সহযোগিতার বিভিন্ন বিষয় তোলা হয়েছে।

ডিলানি বলেন, বৈঠক তাদের আরো ভালোভাবে বুঝতে সহায়তা করেছে। এইভাবে সমস্যার সমাধান করা ক্ষেত্রে এটা ভাল ভিত্তি হিসেবে কাজ কবে।

প্রায় এক দশকের আলোচনার পর গত বছরের ২৫ নভেম্বর ঢাকা ও ওয়াশিংটনের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা ফোরাম চুক্তি (টিকফা) সই হয়, যা এবছরের ১৩ জানুয়ারি থেকে কার্যকর।