২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেশে ফিরেছেন ‘বাংলালিংক গ্র্যান্ডমাস্টার’ বিজয়ীরা

চীনে ১২ দিনের সফর শেষে বাংলালিংক-হুয়াওয়েই ইন্টারন্যাশনাল ইয়ুথ ক্যাম্প সফলভাবে শেষ করে দেশে ফিরেছে বাংলালিংক গ্র্যান্ডমাস্টার বিজয়ীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2014, 10:05 PM

Updated : 25 Apr 2022, 04:06 PM

সোমবার বাংলালিংকের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, হুয়াওয়েইর ‘গ্লোবাল টেলিকম সিডস ফর দি ফিউচার’ শীর্ষক কার্যক্রমের আওতায় এই সফরের আয়োজন করা হয়েছিলো।

এসময়ে সফরকারীদের জন্য প্রশিক্ষণ ও কর্মশালার ব্যবস্থা করা হয়।

গত ৬ এপ্রিল থেকে ১৮ এপ্রিল ২০১৪ পর্যন্ত এই সফর অনুষ্ঠিত হয়। সফরকারীদের মধ্যে ছিলেন তিনটি গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতায় বিজয়ী দলের সদস্যরা।  

বিজয়ী বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ এবং চুয়েট দলের সদস্যদের জন্য চীনের বেইজিং ও শেনজেনে ১২ দিনব্যাপী এই সফরের ব্যবস্থা করা হয়।

এ সময়ে তারা বিভিন্ন কর্মশালায় অংশ নিয়ে হুয়াওয়েই ইউনিভার্সিটির প্রশিক্ষণ কেন্দ্রের বিশেষজ্ঞদের কাছ থেকে হাতেকলমে প্রশিক্ষণ লাভের সুযোগ পান।

এছাড়াও বাংলাদেশি শিক্ষার্থীদের তিনটি দল হুয়াওয়েইর এক্সপেডিশন হল ও উৎপাদন কারখানাও পরিদর্শন করেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।

তিন বছর ধরে মোবাইল অ্যাপ্লিকেশনের বিভিন্ন সৃজনশীল আইডিয়া চেয়ে বাংলালিংক এই গ্র্যান্ডমাস্টার প্রতিযোগিতা আয়োজন করে আসছে।