আসছেন ডাব্লিওটিও ডিজি
বিশ্ব বাণিজ্য সংস্থার(ডব্লিউটিও) মহাপরিচালক রবার্ত এজেনেডো চলতি বছরের মাঝামাঝি বাংলাদেশ সফর করবেন।
প্রায় একই সময়ে আঙ্কটাডের মহাপরিচালক মুখিসা কিটুউইও বাংলাদেশ সফর করবেন বলে রোববার এক তথ্য বিবরণীতে জানানো হয়েছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে জেনেভাতে এক অনুষ্ঠানে বিশ্ব বাণিজ্যের এই প্রভাবশালী দুই সংস্থার প্রধান বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন।
গত ৪ এপ্রিল অনুষ্ঠিত ‘বালি থেকে ২০১৫ পরবর্তী উন্নয়ন এজেন্ডা : এলডিসি পারসপেকটিভ’ শীর্ষক সম্মেলন উপলক্ষে জেনেভায় তাদের দেখা হয়।
এসময় তারা বিশ্ব বাণিজ্য সংস্থার সুবিধা ব্যবহার করে বাণিজ্য সক্ষমতার উন্নয়ন, এমডিজি অর্জন, জীবন মানের উন্নয়ন, কর্মসংস্থান ও মাথাপিছু আয় বৃদ্ধি করতে সক্ষম হওয়ায় বাংলাদেশের প্রশংসা করেন।
তথ্য বিবরণীতে বলা হয়, বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য প্রসার ও অর্থনৈতিক উন্নয়নে সন্তোষ প্রকাশ করে এ অগ্রগতি দেখার জন্য তারা বাংলাদেশ সফরের সিদ্ধান্ত গ্রহণ করেছেন।
