২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একীভূত হওয়ার পথে লাফার্জ-হোলসিম

সিমেন্ট উত্পাদনকারী দুই বহুজাতিক প্রতিষ্ঠান লাফার্জ ও হোলসিম একীভূত হতে যাচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Apr 2014, 03:41 PM

Updated : 01 Sep 2026, 12:44 PM

এ ব্যাপারে দুই প্রতিষ্ঠানের মধ্যে আলোচনা চলছে বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে জানানো হয়েছে।

সিমেন্ট প্রস্তুত ও বাজারজাতকারী প্রতিষ্ঠান সুইজারল্যান্ডভিত্তিক কোম্পানি হোলসিমের ৬৪টি দেশে কার্যক্রম রয়েছে। আর ফরাসি কোম্পানি লাফার্জের কার্যক্রম রয়েছে ৭০টি দেশে।

বাংলাদেশেও দুই কোম্পানির কার্যক্রম রয়েছে। এর মধ্যে লাফার্জ-সুরমা সিমেন্ট শেয়ারবাজারে তালিকাভুক্ত।

রোববার ডিএসইর ওয়েবসাইটে বলা হয়েছে, একীভূতকরণের বিষয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে আলোচনায় বেশ অগ্রগতি হয়েছে।

এতে বলা হয়, “দুই কোম্পানি দৃঢ়ভাবে বিশ্বাস করে, তারা একে অপরের পরিপূরক হয়ে উঠতে পারে। কর্মপরিবেশসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় প্রতিষ্ঠানের বেশ মিল রয়েছে। দুই কোম্পানির নিজস্ব শক্তি ও পরিচিতির বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনায় নিয়ে একীভূতকরণের আলোচনা চলছে।”

তবে আলোচনা এখনো পর্যন্ত চূড়ান্ত রূপ পায়নি বলে জানানো হয়।

শুক্রবার আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে কোম্পানি দুটির একীভূত হতে যাওয়ার খবর গুরুত্ব দিয়ে প্রকাশ করা হয়েছে।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, কোম্পানি দুটি একীভূত হলে বিশ্বজুড়ে তাদের সমন্বিত বিক্রির পরিমাণ দাঁড়াবে প্রায় চার হাজার কোটি মার্কিন ডলার।

রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের শীর্ষে ছিল লাফার্জের শেয়ার।

এদিন কোম্পানিটির ৪৬ কোটি টাকার শেয়ার লেনদেন হয়, যা ডিএসইদের দিনের মোট লেনদেনের প্রায় ১০ শতাংশ ।

ডিএসইতে এদিন লেনদেন হয় ৪৬১ কোটি টাকা ।

রোববার লাফার্জের শেয়ারের দাম ১ দশমিক ৫৬ শতাংশ বেড়েছে ।