আশুগঞ্জ গ্যাস কম্প্রেসার স্টেশন পরীক্ষামূলকভাবে চালু
জাতীয় সঞ্চলান লাইনে গ্যাসের চাপ স্বাভাবিক রাখতে শনিবার ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ কম্প্রেসার স্টেশনটি পরীক্ষামূলকভাবে চালু হয়েছে।
আশুগঞ্জ গ্যাস কমপ্রেসার স্টেশন সাইট ইনচার্জ বিশ্বজিৎ নন্দী এ তথ্য নিশ্চিত করেছেন।
এছাড়া চলতি মাসেই প্রধানমন্ত্রী এ স্টেশনটি আনুষ্ঠানিকভাবে উদ্ধোধন করবেন বলেও জানান তিনি।
বিশ্বজিৎ নন্দী জানান, দেশের পূর্বাঞ্চলের গ্যাসক্ষেত্রগুলো থেকে উৎপাদিত গ্যাস দুইটি পাইপ লাইনের মাধ্যমে সরবরাহ করা হয় গ্যাস ট্রান্সমিশন কোম্পানির আশুগঞ্জ মেনিফোল্ড স্টেশনে।
এখান থেকে চারটি পাইপ লাইনে ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে সরবরাহ করা হয়।
গ্যাস উত্তোলনের পর তা এক হাজার পিএসআই (পাউন্ড পার স্কয়ার ইঞ্চ) চাপে গ্রাহকের কাছে পৌঁছানোর কথা থাকলেও সরবরাহ লাইনে বিপরীতমুখী শক্তি ও বাধায় এই চাপ দূরত্ব অনুসারে ধীরে ধীরে কমতে থাকে।
ব্রাহ্মণবাড়িয়ার তিতাস ও হবিগঞ্জ গ্যাসক্ষেত্র থেকে গ্রিড লাইনে গ্যাস সরবরাহ করা হলে আশুগঞ্জে পৌঁছতে এই চাপ ৭৫০, ঢাকা ও আশপাশের এলাকায় ৫ থেকে ৬শ এবং খুলনা-রাজশাহী অঞ্চলে ৪শ পিএসআই বা তারও নিচে নেমে যায়।
এভাবে চাপ কমার ফলে গ্রাহক পর্যায়ে গ্যাস সরবরাহে ব্যাঘাত ঘটে। তবে, স্টেশনটি পুরোদমে চালু হলে তা কেটে যাবে।
বিশ্বজিৎ নন্দী জানান, এ স্টেশন চালু হলে সকল সঞ্চালন লাইনে গ্যাসের চাপ ৭শ পিএসআই থেকে এক হাজার পিএসআইয়ে উন্নীত হবে।
তখন দেশের সার কারখানা, বিদ্যুৎ কেন্দ্রসহ সকল অবকাঠামোতে গ্যাসের চাপ বাড়বে।
দেশে গ্যাসের চাপ নিয়ে ঢাকা, চট্টগ্রাম ও রাজশাহী অঞ্চলে যে সংকট রয়েছে তা সম্পূর্ণ কেটে যাবে। আবাসিক গ্রাহক পর্যায়ে গ্যাসের প্রেসার নিয়ে কোনো সমস্যা থাকবে না।
