রমজানে নিত্যপণ্যের দাম বাড়বে না: বাণিজ্যমন্ত্রী
মজুদ সন্তোষজনক থাকায় দুমাস পর থেকে শুরু হতে যাওয়া রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়বে না বলে আশ্বস্ত করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রমজান উপলক্ষে সোমবার সচিবালয়ে নিত্যপণ্যের মজুদ, আমদানি ও সরবরাহ নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে বৈঠক শেষে বাণিজ্যমন্ত্রী বলেন, “নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুদ সন্তোষজনক রয়েছে। রমজানে কোন পণ্যের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন। আমরাও বাজার মনিটরিং করব।”
কেবল রমজানই নয় সারা বছরই জনগণের চাহিদামত পণ্য আমদানী করে সরবারহ করা হবে জানিয়ে তোফায়েল আহমেদ বলেন, “চিনি, ডাল, ভোজ্যতেল, পাম ওয়েলসহ নিত্যপণ্যের যথেষ্ঠ মজুদ আছে। সংকট থাকলে দাম বেড়ে যায়, এবার আশা করছি দাম বাড়বে না।”
দ্বিতীয়বারের মত বাণিজ্যমন্ত্রী দায়িত্বপালন করা তোফায়েল বলেন, “এর আগে বাণিজ্যমন্ত্রী থাকার সময় একদিনের জন্যও কোনো পণ্যের দাম বাড়েনি। এবারও সেই রেকর্ড ধরে রাখতে চাই।”
রাজনৈতিক স্থিতাবস্থা যেন কেউ নষ্ট করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর এ প্রবীণ সদস্য।
তিনি বলেন, “টিসিবি আপদকালীন সময়ে কিছু পণ্য আমদানি করে। কিন্তু মূল দায়িত্ব ব্যবসায়ীদের। এজন্য ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন।”
ব্যবসায়ীদের সমস্যাগুলোও সমাধানের আশ্বাস দেন বাণিজ্যমন্ত্রী।
তিনি বলেন, “আমাদের ব্যবসায়ীরা সবাই প্রতিষ্ঠিত। কৃত্রিম সংকট তৈরি করে তাদের মুনাফার প্রয়োজন নেই। তাদের কোনো সমস্যা থাকলে তা দেখা হবে।”
সাংবাদিকদের উপস্থিতিতে এই সভায় এফবিসিসিআই সভাপতি কাজী আকরাম উদ্দিন বলেন, “অতীতে সংকট সৃষ্টি হলে দৌঁড়-ঝাপ করতে দেখেছি। এবার অনেক আগেই উদ্যোগী হওয়ায় বিষয়টি অনেক কাজে আসবে।”
সিটি গ্রুপের চেয়ারম্যান ফজলুর রহমান জানান, “চিনি, তেল, ময়দার পর্যাপ্ত মজুদ রয়েছে। আরো নিত্যপণ্য আমদানি করা হচ্ছে, যা পাইপ লাইনে রয়েছে। আশা করছি কোনো সমস্যা হবে না।”
চলতি বছর এখন পর্যন্ত চার লাখ ৪১ হাজার ১৬৬ মেট্রিক টন ভোজ্য তেল আমদানি হয়েছে বলেও তথ্য তুলে ধরেন ফজলুর।
নিত্যপণ্যের যথেষ্ট মজুদ রয়েছে জানিয়ে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামাল ‘পথে পথে চাঁদাবাজি ঠেকাতে’ মন্ত্রীর প্রতি অনুরোধ জানান।
