২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেনাপোল বন্দর দিয়ে আমদানি কমছে

অনিয়ম, দুর্নীতি, হয়রানি ও পণ্যচুরির প্রবণতা বেড়ে যাওয়ায় বেনাপোল বন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে বলে অভিযোগ করেছেন ব্যবসায়ীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Mar 2014, 02:38 PM

Updated : 01 Sep 2026, 12:39 PM

তবে অভিযোগ অস্বীকার করে রাজস্ব কর্মকর্তারা বলছেন, রাজনৈতিক অস্থিরতা, চোরাচালানের মাধ্যমে অবৈধ পথে পণ্য আসা বেড়ে যাওয়া এবং দেশিয় শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠার ফলেই আমদানি কমেছে।

বেনাপোল শুল্কভবনের যুগ্ম কমিশনার সৈয়দ আতিকুর রহমান জানান, চলতি অর্থবছরের প্রথম আট মাসে গেল অর্থবছরের একই সময়ের তুলনায় বেনাপোল বন্দর দিয়ে ৭২ হাজার ৫৭৩ মেট্রিক টন পণ্য কম আমদানি হয়েছে।

তিনি জানান, চলতি অর্থ বছরের প্রথম আটমাসে ভারত থেকে পণ্য আমদানি হয়েছে ৪ লাখ ৬০ হাজার ৩৩৫ মেট্রিক টন। আর গেল অর্থ বছরের একই সময়ে আমদানির পরিমাণ ছিল ৫ লাখ ৩২ হাজার ৯০৮ মেট্রিক টন।

যশোর চেম্বার অব কমার্সের সভাপতি মিজানুর রহমান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বন্দর থেকে আমদানি পণ্য চুরি,শুল্ক বিভাগের দুর্নীতি,হয়রানি,ব্যাংকের উচ্চ সুদহারসহ বিভিন্ন কারণে অনেক আমদানিকারক বেনাপোল ছেড়ে অন্য বন্দরে চলে গেছেন।"

তবে এসব কারণের পাশাপাশি দেশে ব্যবসায়ে মন্দা আর কৃষিপণ্যের ভালো ফলন হওয়াকেও বন্দর দিয়ে পণ্য আমদানি কম হওয়ার কারণ হিসেবে দেখছেন যশোর চেম্বার অব কমার্সের পরিচালক হুমায়ন কবীর কবু।

বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানিকারক সমিতির যুগ্ম সম্পাদক মহাসিন মিলন বলেন, “বেনাপোলে ব্যবসাবান্ধব পরিবেশ না থাকায় আমদানি-রপ্তানিকারকরা বন্দর ছেড়ে অন্য বন্দরে চলে যাচ্ছেন। ব্যবসায়ীরা চায় দ্রুত পণ্য খালাস। দেরি হলে তাদের অতিরিক্ত মাসুল গুণতে হয়।শুল্ক বিভাগের হয়রানির জন্য সেটা সময় মত সম্ভব হয়না।”

বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং অ্যান্ড ফরোয়ার্ডিং এজেন্টস অ্যাসোসিয়েশনের জ্যেষ্ঠ সহ-সভাপতি নুরুজ্জামান বলেন, "বারবার হরতাল, অবরোধ, শ্রমিক বিক্ষোভের জন্য বন্দর হুমকির মুখে পড়েছে।আমরা ব্যবসায়ীরা দারুণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছি।এসব প্রতিকূল পরিবেশ দ্রুত কাটিয়ে উঠতে না পারলে আমদানিকারকদের ধরে রাখা যাবেনা।

অবশ্য ভন্নিমত পোষণ করে বেনাপোল শুল্ক বিভাগের যুগ্ম কমিশনার ফাইজুর রহমান বলেন, "চলতি অর্থবছরে নভেম্বর থেকে জানুয়ারি মাস পর্যন্ত দেশে রাজনৈতিক অস্থিরতা আর হরতালের প্রভাব ছিল বেশি।

"তাছাড়া দেশে অনেক শিল্প প্রতিষ্ঠান গড়ে ওঠায় তারা ভারত থেকে পণ্য আমদানি করছেন না। এই সব কারণে আমাদের ২০১৩-২০১৪ অর্থবছরের প্রথম ৮ মাসে পণ্য আমদানি কিছুটা কমে গেছে।"

বন্দর থেকে মালমাল চুরি প্রসঙ্গে বেনাপোল স্থল বন্দরের পরিচালক মল্লিক আনোয়ার বলেন, "আগে বন্দরের শেড থেকে ব্যবসায়ীদের মালামাল চুরি হলেও তার পরিমাণ এখন অনেক কমে গেছে। এখানে একটি সিন্ডিকেট রয়েছে, যাতে সিএন্ডএফ এজেন্টের লোকজন আছে।

"এসব লোকদের ধরলে তারা আন্দোলনে যায়। তাছাড়া বন্দরের বাইরে থেকে মালামাল চুরি হলে আমাদের কিছু করার নেই। যেখান থেকে চুরি হোক আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছেন আমদানিকারকরা। তাই আমরা পণ্য চুরি রোধে কঠোর অবস্থান নিয়েছি।"