২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আলোচিত পদ্মা সিমেন্টের সম্পত্তির দাবিদার ‘নেই’

অবলুপ্ত পদ্মা সিমেন্টের আট কোটি টাকা সম্পদের কোনো দাবিদার মিলছে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Mar 2014, 12:08 AM

Updated : 01 Sep 2026, 12:38 PM

পুঁজিবাজারে থাকা কোম্পানিটি দুই বছর আগে অবলুপ্ত হয়। এর সম্পত্তির কোনো দাবিদার কিংবা পাওনাদারদের ১৫ দিনের মধ্যে যোগাযোগ করতে গত ৬ মার্চ সংবাদপত্রে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছিল।

তবে এই সময়সীমার ১৩ দিন পেরিয়ে গেলেও কোনো দাবিদার যোগাযোগ করেনি বলে জানিয়েছেন পদ্মা সিমেন্টের অফিসিয়াল লিকুইডেটর ব্যারিস্টার মোকছেদুল ইসলাম।

তিনি মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১৫ দিনের মধ্যে ১৩ দিন চলে গেলেও এখন পর্যন্ত আমরা কোনো দাবিদার পাইনি।”

ব্যারিস্টার মোকছেদ বলেন, পদ্মা সিমেন্ট লিমিটেডের সাবেক কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিক, অন্যান্য পাওনাদার এবং শেয়ারহোল্ডাদের কোনো দেনা-পাওনা থাকলে বিস্তারিত বিবরণ ও মূল কাগজপত্র/দলিলপত্রসহ তার সোনারগাঁও রোডের ঠিকানায় যোগাযোগ করতে হবে।

পুঁজিবাজারে ২০০২ সালে তালিকাভুক্ত হয়েছিল পদ্মা সিমেন্ট। পরিচালকদের সিদ্ধান্তে কোম্পানির অবলুপ্তকরণ প্রক্রিয়া শুরু হয় ২০১২ সালের নভেম্বরে,

ঢাকা স্টক এক্সচেঞ্জর (ডিএসইর) তথ্যে দেখা যায়, ২০০২ সালে কোম্পানিটি মুনাফা করলেও ২০১০ সাল পর্যন্ত টানা লোকসানে ছিল। অবলুপ্ত করার আগের বছর হঠাৎ করে লাভ দেখায় কোম্পানিটি।

পদ্মা সিমেন্টের টানা লোকসানের পর হঠাৎ মুনাফা দেখিয়ে অবলুপ্ত হওয়াটা রহস্যজনক ঠেকছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগের অধ্যাপক মিজানুর রহমানের কাছে।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোম্পানিটি ২০০২ সালের পরে কী কারণে প্রতিবছর লোকসান করল এবং কিভাবে হঠাৎ করে মুনাফা দেখিয়ে আবার অবলুপ্ত হয়ে গেল এ বিষয়ে বিনিয়োগকারীদের কাছে ডিএসই ও বিএসইসিকে জবাব দেয়া উচিৎ।”

পুঁজিবাজারে তালিকাভুক্তির বছর ২০০২ সালে একবার মাত্র শেয়াহোল্ডারদের লভ্যাংশ দিয়েছিল পদ্মা সিমেন্ট, এরপর আর দেয়নি।

ডিএসই’র তথ্য অনুযায়ী, কোম্পানিটির ৯৯ দশমিক ৬৪ শতাংশ শেয়ার আছে সাধারণ বিনিয়োগকারীদের হাতে, শূন্য দশমিক ৩৪ শতাংশ শেয়ার আছে পরিচালকদের হাতে।

এরপরও কোনো দাবিদার না আসাটাও অস্বাভাবিক মনে করছেন অধ্যাপক মিজানুর। “স্বাভাবিকভাবে কোম্পানিটির পাওনাদার থাকার কথা ছিল,” বলেন তিনি।

পদ্মা সিমেন্ট: শেয়ারধারীরা আবেদন করছেন