২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আবাসন মেলা শুরু বৃহস্পতিবার

আবাসন নির্মাতাদের সংগঠন রিহ্যাবের আয়োজনে রাজধানীতে শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী আবাসন মেলা ‘রিহ্যাব ফেয়ার-২০১৪’।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2014, 09:03 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

বিদ্যুৎ ও জ্বালানী প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু বৃহস্পতিবার সকাল ১১টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে মেলার উদ্বোধন করবেন।

মেলা উপলক্ষে সোমবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলনে রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) সাধারণ সম্পাদক ওয়াহিদুজ্জামান বলেন, “রাজনৈতিক অস্থিরতার কারণে নির্দিষ্ট সময়ে রিহ্যাব মেলার আয়োজন করা সম্ভব হয়নি। তবে দেরিতে হলেও অবশেষে এই আয়োজন সম্ভব হলো।”

সাধারণত প্রতিবছর নভেম্বর থেকে জানুয়ারির মধ্যে আবাসন খাতের সবচেয়ে বড় এ মেলার আয়োজন করা হয়। গত ৫ জানুয়ারির নির্বাচনকে ঘিরে রাজনৈতিক সহিংসতার কারণে এবার তা পারেনি রিহ্যাব।

ঢাকায় রিহ্যাবের চতুর্দশতম মেলায় মোট ১৫৫টি স্টল থাকবে। অর্থলগ্নিকারীসহ আবাসন খাত সংশ্লিষ্ট মোট ১৪টি প্রতিষ্ঠান অংশ নেবে এবারের মেলায়।

বৃহস্পতিবার থেকে ২৪ মার্চ পর্যন্ত এ মেলা দর্শনার্থীদের জন্য খোলা থাকবে সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলায় একবার প্রবেশের মূল্য ৫০ টাকা। তবে কেউ যদি পাঁচদিনই যেতে চান তবে ১০০ টাকা মূল্যের ‘মাল্টিপল টিকেট’ কিনে যতোবার খুশি মেলার প্রবেশ করতে পারবেন।

অন্যদের মধ্যে রিহ্যাব সভাপতি আব্দুর রশীদ, সহসভাপতি লিয়াকত আলী সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।