২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকগুলোর সিএসআর কার্যক্রমে নজরদারি বাড়ানো হয়েছে: গভর্নর

ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা মেনে সিএসআর কার্যক্রম পরিচালনা করছে কিনা- তা তদারক করতে ‘নজরদারি’ বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন গভর্নর আতিউর রহমান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Mar 2014, 10:10 PM

Updated : 01 Sep 2026, 12:37 PM

শনিবার সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশনের শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে তিনি বলেন, “আমরা মানবিক দায়বোধ সম্পন্ন ব্যাংকিং খাত দেখতে চাই। এ জন্যে সিএসআর কার্যক্রমের প্রতি অধিকতর গুরুত্বারোপ করা হয়েছে।

“ব্যাংকগুলো তাদের পরিচালন মুনাফার সামান্য একটি অংশ সিএসআর খাতে ব্যয় করলেও দেশের অনগ্রসর ও অবহেলিত জনগোষ্ঠীর কল্যাণ হবে বলে আমার বিশ্বাস। শিক্ষার গুরুত্ব বিবেচনায় আমরা ব্যাংকগুলোর মোট সিএসআর ব্যয়ের ন্যূনতম ৩০ শতাংশ এ খাতে ব্যয় করার নির্দেশনা দিয়েছি।”

“এসব নির্দেশনা বাস্তবায়নে আমাদের নজরদারিও বাড়ানো হয়েছে।”

রাজধানীর র‌্যাডিসন হোটেলে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাউথইস্ট ব্যাংকের চেয়ারম্যান আলমগীর কবির, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ গোফরান প্রমুখ।

অনুষ্ঠানে উচ্চ মাধ্যমিক স্তরে অধ্যয়নরত ২৪৫ জন ছাত্র-ছাত্রীর হাতে শিক্ষাবৃত্তির চেক তুলে দেন গভর্নর।

২০০৯ সাল থেকে সাউথইস্ট ব্যাংক ফাউন্ডেশন আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি দিয়ে আসছে।