২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহ শেষে সূচক, লেনদেন কমেছে পুঁজিবাজার

সপ্তাহের শেষ দিনে দেশের দুই পুঁজিবাজারের সূচক ও লেনদেন কমেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Mar 2014, 04:10 PM

Updated : 01 Sep 2026, 12:36 PM

বৃহস্পতিবার দিন শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে সার্বিক সূচক ২৫ পয়েন্ট কমে ৪ হাজার ৬৩৫ পয়েন্ট হয়েছে। এদিন হাতবদল হয় প্রায় ৩৫৩ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ৯৭ কোটি টাকা কম।

গত তিন সপ্তাহে ডিএসইতে ১২৫ পয়েন্ট সূচক কমেছে, দৈনিক গড় লেনদেন ৫০৭ কোটি থেকে ৪১১ কোটিতে নেমেছে।

এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে লেনদেন আগের দিনের চেয়ে প্রায় ৯ কোটি টাকা কমে ৩১ কোটি টাকার শেয়ার হাতবদল হয়। দিন শেষে সিএসই সূচক ৬৯ পয়েন্ট কমে ৯ হাজার ৩০ পয়েন্ট হয়েছে।

গত তিন সপ্তাহে ২৫৭ পয়েন্ট সূচক কমেছে সিএসইতে, দৈনিক গড় লেনদেন ৪৬ কোটি টাকা থেকে ৩৮ কোটি টাকায় নেমেছে।

বৃহস্পতিবার ডিএসইতে লেনদেনে থাকা কোম্পানিগুলোর শেয়ারের মধ্যে ১২৬টির দাম বেড়েছে, কমেছে ১২৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

ডিএসইর বাছাই সূচক ডিএস-৩০ আগের দিনের চেয়ে প্রায় ১২ পয়েন্ট কমে এক হাজার ৬৭০ পয়েন্ট হয়েছে।

সপ্তাহ শেষে ডিএসইতে সূচক কমে ৬৪ পয়েন্ট, দৈনিক গড় লেনদেন হয় ৪১১ কোটি টাকা।

পুঁজিবাজারে সূচক ও লেনদেন কমার বিষয়ে ফিনিক্স সিকিউরিটিজের ব্যবস্থাপনা পরিচালক এ কাদির চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পুঁজিবাজরে বিদেশি বিনিয়োগ কমে গেছে, ব্যাংকগুলোর বিনিয়োগ করার ক্ষমতা আগের চেয়ে কমেছে এবং এখনো প্রণোদনা প্যাকেজ বাস্তবায়ন হচ্ছে না। একারণে বাজারে লেনদেন ও সূচক কমছে।”

দুই কোম্পানির লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত এবি ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক শেয়ার হোল্ডারদের জন্য গত বছরের লভ্যাংশ ঘোষণা করেছে।

বেসরকারি খাতের এবি ব্যাংক ২০১৩ সালের জন্য ৫ শতাংশ নগদ এবং ৭ শতাংশ স্টক লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আগামী ২১ এপ্রিল সকাল সোয়া ৯টায় রাজধানীর বসুন্ধরা কনভেনশন সেন্টার বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২৫ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরে এবি ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ২ টাকা ২০ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ৩৪ টাকা ৭৮ পয়সা।

ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক ২০১৩ সালের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

এছাড়া ব্যাংকটি দুটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার ১২ টাকা মূল্যে ইস্যু করার সিদ্ধান্ত নিয়েছে।

বুধবার ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।

আগামী ২৫ এপ্রিল সকাল ১০টায় চট্টগ্রামের হোটেল আগ্রাবাদে বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য ২৫ মার্চ রেকর্ড তারিখ ঠিক করা হয়েছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, গত বছরে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ১০ টাকার প্রতিটি শেয়ারে আয় হয়েছে ১ টাকা ৮৭ পয়সা, মোট সম্পদমূল্য দাঁড়িয়েছে ১৫ টাকা ৬৪ পয়সা।