২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রোজার ১৫ দিন আগে পণ্য পাবে টিসিবি ডিলাররা

ছোলা, খেজুর, ভোজ্যতেল ও চিনিসহ রমজানে প্রয়োজনীয় পণ্য আগাম মজুদ করে ১৫ দিন আগে পরিবেশকদের সরবরাহ করা হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Mar 2014, 05:48 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এছাড়া রাজধানীসহ দেশের ৫৭টি জেলায় ওই সমস্ত পণ্য খোলা বাজারে ট্রাকে করে বিক্রি করা হবে বলেও জানান তিনি।

বুধবার সচিবালয়ে রাষ্ট্রায়ত্ত বিপণনকারী সংস্থা টিসিবি ও মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক শেষে এই তথ্য জানান মন্ত্রী।

তিনি বলেন, রমজান মাসের নিত্যপ্রয়োজনীয় সামগ্রী আগাম আমদানি করে তা গুদামজাত করা হবে।

“রোজা শুরুর ১৫ দিন আগে এসব সামগ্রী ডিলারদের কাছে তুলে দেব। এছাড়া রোজার প্রথম সপ্তাহে এবং মাঝামাঝি সময়েও তিন ধাপে এসব সামগ্রী ডিলারদের দেয়া হবে।”

খুচরা বিক্রয়কেন্দ্র খুলে সাধারণ মানুষের পাশাপাশি বস্তির মানুষের কাছেও রমজান মাসের নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিক্রি করা হবে বলে জানান বাণিজ্যমন্ত্রী।

তিনি বলেন, রোজার শুরু থেকে মাসব্যাপী ঢাকায় ২৫টি, চট্টগ্রামে ১০টি এবং প্রত্যেক বিভাগীয় শহরে ৫টি করে মোট ৫৭ জেলায় খোলা বাজারে ট্রাকে করে রমজানের নিত্য প্রয়োজনীয় পণ্য বিক্রি করা হবে।

“বাজার ঠিক রাখতে এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যকে সকলের আওতার মধ্যে রাখতেই এই উদ্যোগ নেয়া হয়েছে।”

রমজান শুরুর আগেই এসব পণ্য মজুদের পক্ষে যুক্তি তুলে ধরে তোফায়েল বলেন, এসব পণ্যের দাম অন্যায্যভাবে বাড়িয়ে যেন কেউ বাজার অস্থিতিশীল করতে না পারে সেজন্য এই উদ্যোগ নেয়া হয়েছে।

“তবে আমরা এমন কোনো কাজ করব না যেন মজুদ পণ্য নষ্ট হওয়ার পর বাজারে আসে।”

বাজার নিয়ন্ত্রণে যা যা করা দরকার সরকার তার সব কিছুই করবে বলেও জানান বাণিজ্যমন্ত্রী।