চট্টগ্রামে এয়ারটেলের দুটি সার্ভিস সেন্টার চালু
দেশের অন্যতম বেসরকারি মোবাইল অপারেটর এয়ারটেল বাংলাদেশ লিমিটেড সম্প্রতি চট্টগ্রামে দুটি সার্ভিস সেন্টার চালু করেছে।
মঙ্গলবার এয়ারটেলের ব্যবস্থাপক সুমিত মাহবুবের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্ভিস সেন্টার দুটি উদ্বোধন করেন এয়ারটেল বাংলাদেশ লিমিটেডের হেড অফ জোনাল এক্সপেরিয়েন্স জাফরি শামীম।
এসময় এয়ারটেল সার্ভিস, এয়ারটেল বাংলাদেশ লিমিটেড এর জোনাল কাস্টোমার সার্ভিস ম্যানেজার এ এইচ এম গোলাম কিবরিয়া, উত্তর চট্টগ্রামের জোনাল সেলস ম্যানেজার মশিউর রহমান বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।
নগরীর খুলশীতে নাহার টেলিকম এবং কোতোয়ালীতে স্টেশনারি গার্ডেনের সার্ভিস সেন্টার থেকে সিম রিপ্লেসমেন্ট, নতুন সংযোগ ক্রয়, পোস্টপেইড সংযোগের বিল পরিশোধ, রিচার্জ, মোবাইলে আর্থিক সেবা (অ্যাকাউন্ট খোলা, টাকা পাঠানো বা গ্রহন), হ্যান্ডসেটে ভ্যালু অ্যাডেড সেবা সেট করা ও ইন্টারনেট সেবা দেয়া হবে।
দুটি সার্ভিস সেন্টার ১৪ হাজারের বেশি গ্রাহক সেবা নিতে পারবেন বলে বিজ্ঞপ্তিতে বলা হয়।
সারাদেশে এয়ারটেলের ১ হাজার ৬৯৯টি সার্ভিস সেন্টার রয়েছে, যার ৪৮০টিই চট্টগ্রাম জোনে।
