২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুই ব্যাংকের ভল্টের চাবি ‘চুরি’

চট্টগ্রাম নগরীর সরকারি-বেসরকারি দুটি ব্যাংকের দুটি শাখায় ভল্টের চাবি খোয়া গেছে বলে থানায় অভিযোগ করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Mar 2014, 10:29 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

এক দিনে দুটি ব্যাংকের ভল্টের চাবি খোয়া যাওয়ার এই ঘটনাকে ‘রহস্যজনক’ বলছে পুলিশ।

মঙ্গলবার কোতোয়ালি থানার বেসরকারি ব্যাংক ইউসিবি’র জুবিলী রোড শাখার ভল্টের চাবি খোয়া যায়।

এ ঘটনায় মঙ্গলবার সকালে ব্যাংকটির প্রথম সহসভাপতি মো. জাকারিয়া কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

মঙ্গলবার রাত ৯টার দিকে একই অভিযোগ নিয়ে থানায় যান সরকারি অগ্রণী ব্যাংকের নিউ মার্কেট কর্পোরেট শাখার জ্যেষ্ঠ কর্মকর্তা মো. রেজাউল করিম।

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ক্ষতিগ্রস্ত ভল্ট, যা থেকে কয়েকদিন আগে লুট হয়েছে অর্থ।

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ক্ষতিগ্রস্ত ভল্ট, যা থেকে কয়েকদিন আগে লুট হয়েছে অর্থ।

বগুড়ার আদমদীঘির সোনালী ব্যাংকের ক্ষতিগ্রস্ত ভল্ট, যা থেকে কয়েকদিন আগে লুট হয়েছে অর্থ।

কোতোয়ালি থানার ওসি একেএম মহিউদ্দিন সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারাদেশে যখন ব্যাংকের ভল্ট ভেঙে ডাকাতির ঘটনা ঘটছে, তখন একই দিনে দুটি ব্যাংকের চাবি হারানোটা অত্যন্ত রহস্যজনক।”

অগ্রণী ব্যাংক কর্মকর্তার সাধারণ ডায়েরি নেয়নি পুলিশ।

ওসি বলেন,  “আমাদের দল ওই শাখার ব্যবস্থাপককে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করবেন। তারপর করণীয় ঠিক করা হবে।”