২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হল-মার্কের জমির ক্রেতা পেল না সোনালী ব্যাংক

জালিয়াতির মাধ্যমে ঋণ নেয়ায় অভিযুক্ত হল-মার্ক গ্রুপের বন্ধকি সম্পত্তি বিক্রি করতে নিলাম ডেকেও কোনো ক্রেতা পায়নি সোনালী ব্যাংক।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2014, 08:24 PM

Updated : 01 Sep 2026, 12:35 PM

হল-মার্কের যে সব সম্পত্তি সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখায় (সাবেক শেরাটন শাখা) বন্ধক দেয়া ছিল, তার নিলামের দরপত্র জমা দেয়ার দিন ছিল সোমবার।

রাষ্ট্রায়ত্ত ব্যাংকটির ওই শাখার ব্যবস্থাপক মোহাম্মদ আবুল হাশেম রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দিনে কোনো ক্রেতা দরপত্র জমা দেয়নি।”

হল-মার্কের দায় দেনার পরিপ্রেক্ষিতে অর্থ ঋণ আদালত আইনে নিলাম ডাকা হয়েছিল বলে জানান তিনি।

পুনরায় নিলাম ডাকা হবে কি না- জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমাদের আইনজীবীর মতামত নিয়ে ব্যাংকের ঊর্ধতন কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হবে। কর্তৃপক্ষের পরবর্তী নির্দেশনা অনুসারে আমরা সিদ্ধান্ত নেব।”

গত ২০ ফেব্রুয়ারি হল-মার্কের বন্ধকি সম্পত্তি নিলামে বিক্রির জন্য সোনালী ব্যাংকের রূপসী বাংলা শাখা বিভিন্ন সংবাদপত্রে বিজ্ঞাপন দেয়।

হল-মার্কের গ্রুপের ছয় প্রতিষ্ঠানের মালিকানায় থাকা সাভারের তেঁতুলঞঝোড়া এলাকার ১ হাজার ৫৭২ শতাংশ জমি বিক্রি করে ৭১০ কোটি টাকা আদায় করতে চেয়েছিল সোনালী ব্যাংক।

সাভারে হল-মার্কের জমি

সাভারে হল-মার্কের জমি

সাভারে হল-মার্কের জমি

এর মধ্যে হল-মার্ক ফ্যাশনের ৪৫২ কোটি ৩৩ লাখ টাকা আদায়ে নিলামে ১ হাজার ২৫৮ শতাংশ জমি, হল-মার্ক স্টাইলের ৯ কোটি টাকা আদায়ে ৩৪ দশমিক ৩৭ শতাংশ, হল-মার্ক প্যাকেজিংয়ের ১ কোটি ৬১ লাখ টাকা আদায়ে ৭০ শতাংশ জমি নিলামে তোলা হয়।

এছাড়া হল-মার্ক অ্যাকসেসরিজের ১০ কোটি ৯২ লাখ টাকা আদায়ে ১৬৫ শতাংশ, ববি ডেনিম কম্পোজিটের ৯ কোটি ৯৩ লাখ টাকা আদায়ে ২৪ দশমিক ৭৫ শতাংশ এবং ওয়ালমার্ট ফ্যাশনের ২২৬ কোটি ২২ লাখ টাকা আদায়ে ২১ দশমিক ২৫ শতাংশ জমিও নিলামের তালিকায় ছিল।

হল-মার্ক গ্রুপের অর্থ কেলেঙ্কারির ঘটনায় ২০১২ সালের ৪ অক্টোবর ২৭ জনকে আসামি করে ১১টি মামলা করা হয়। তদন্ত শেষে গত ১৬ সেপ্টেম্বর ২৫ জনের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করে কমিশন।

এছাড়া গত বছরের ১ জানুয়ারি আরো পাঁচটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ৩৫০ কোটি ৩৭ লাখ টাকা জালিয়াতির অভিযোগে ২৬টি মামলা করে দুদক। এতে আসামি করা হয় ৩৫ জনকে।

এই মামলায় হল-মার্ক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তানভীর মাহমুদ কারাগারে রয়েছেন।

জালিয়াতির মাধ্যমে হল-মার্কসহ ছয়টি প্রতিষ্ঠান সোনালী ব্যাংক থেকে প্রায় ৩ হাজার ৭০০ কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ রয়েছে।

হল-মার্ক ছাড়া অন্য পাঁচ প্রতিষ্ঠান হচ্ছে- প্যারাগন নিট কোম্পানি, খানজাহান আলী সোয়েটার্স লিমিটেড, ডি অ্যান্ড স্পোর্টস লিমিটেড, টি অ্যান্ড ব্রাদার্স লিমিটেড ও নকশি নিট লিমিটেড।