কেন্দ্রীয় ব্যাংকের আয়োজনে নারী উদ্যোক্তা সম্মেলন
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে ১৩ মার্চ অনুষ্ঠিত হবে ‘নারী উদ্যোক্তা সম্মেলন ও পণ্য প্রদর্শনী’।
সোমবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের নির্বাহী পরিচালক নির্মল কুমার ভক্ত জানান, রাজধানীর রূপসী বাংলা হোটেলে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন গভর্নর আতিউর রহমান।
“সম্মেলনে সারা দেশ থেকে ৫০০ নারী উদ্যোক্তা অংশ নেবেন। এ আয়োজনে তাদের উৎপাদিত পণ্য প্রদর্শন করা হবে।”
এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রাম বিভাগের মহাব্যবস্থাপক মাছুম পাটোয়ারি বলেন, “মূলত এসএমই খাতের নারী উদ্যোক্তাদের আরও কতটা সহজভাবে সহায়তা করা যায় সেই বিষয়টি বের করে আনতে এ সম্মেলনের আয়োজন করা হয়েছে।”
আয়োজনে সহযোগিতা করছে দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, কেয়ার বাংলাদেশ, জাইকা বাংলাদেশ ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
