২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় এয়ারটেলের বাণিজ্যিক  থ্রিজি  সেবা চালু

টেলিযোগাযোগ প্রতিষ্ঠান এয়ারটেল বাংলাদেশ খুলনায় আনুষ্ঠানিকভাবে বাণিজ্যিক থ্রিজি সেবা চালু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Mar 2014, 07:03 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

বৃহস্পতিবার এয়ারটেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খুলনা সিটি কর্পোরেশন মেয়র মো: মনিরুজ্জামান মনি আনুষ্ঠানিকভাবে খুলনায় এয়ারটেল থ্রিজি সেবার উদ্বোধন করেন।

এ সময় ঢাকা থেকে ভিডিও কলের মাধ্যমে তার সঙ্গে যোগ দেন অবস্থানরত এয়ারটেলের সিইও ও ম্যানেজিং ডিরেক্টর ক্রিস টবিট।

অনুষ্ঠানে মেয়র বলেন, “আমি আশা করছি এর মাধ্যমে খুলনায় বিভিন্ন সুযোগ সৃষ্টি হবে। খুলনার শিক্ষা এবং স্বাস্থ্য খাতে এয়ারটেলের এই সেবা  গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।”

এই উপলক্ষে ক্রিস টবিট বলেন, এরই মধ্যে আমরা দেশের গুরুত্বপূর্ণ শহরগুলো যেমন ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা, বগুড়া এবং এখন খুলনার গুরুত্বপূর্ণ অংশ থ্রিজি সেবার আওতায় নিয়ে এসেছি।

“এর ফলে খুলনা বাকি বিশ্বের সাথে আরো দৃঢ়ভাবে সংযুক্ত হতে পারবে যা শহরটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”

ক্রিস টবিট জানান, ২০১৪ এর মাঝামাঝি সময়ের মধ্যে দেশের বাকি বিভাগীয় সদরগুলোও এয়ারটেলের থ্রিজি সেবার আওতায় নিয়ে আসতে প্রতিষ্ঠানটি প্রতিজ্ঞাবদ্ধ।

গত ৯ ফেব্রুয়ারি থেকে খুলনায় পরীক্ষামূলক থ্রিজি সেবা শুরু করে এয়ারটেল।

খুলনার যেসব এলাকা বর্তমানে এয়ারটেল থ্রিজি সেবা আওতায় রয়েছে সেগুলো হলো নেভাল স্টাফ কোয়ার্টার, বৈকালী বাস স্টপ, মুজগুন্নি আবাসিক এলাকা, দেনারাবাদ, আরামবাগ, টুটপাড়া, মুনশিপাড়া, পুলিশ লাইন, কোতোয়ালি এবং রূপসা ঘাট।