গ্যাস ছাড়া শিল্পে সরকারের অগ্রাধিকার: শিল্পমন্ত্রী
গ্যাসের ব্যবহার ছাড়া শিল্প কলকারখানা স্থাপনে সরকার অগ্রাধিকার দিচ্ছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
বুধবার চট্টগ্রামের একটি হোটেলে আয়োজিত এক সেমিনারে এ কথা জানান তিনি।
শিল্পমন্ত্রী বলেছেন, “গ্যাস চাহিদার কারণে সরকার ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছে, গ্যাসভিত্তিক শিল্প কারখানার পরিবর্তে গ্যাস ছাড়া শিল্প কারখানায় বেশি অগ্রাধিকার দেবে।”
আগ্রাবাদ হোটেলে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর ‘মেধা সম্পদের সৃষ্টি ও এর বাণিজ্যিকীকরণ’ বিষয়ে এই সেমিনারের আয়োজন করে।
সেমিনারে গ্যাস সংকট নিয়ে আমু বলেন, গ্যাস সংকট কারো সৃষ্ট নয়, এটি জাতীয় সমস্যার মতো। এই সংকটের সমাধান সরকারের আওতায় নেই।
মন্ত্রী আরো বলেন, সামনে গরমের দিনে বিদ্যুৎ উৎপাদনও ও কৃষি কাজেও গ্যাসের ব্যবহার বেশি হয়।
বিদ্যুতের চাহিদার সাথে সাথে উৎপাদনের জন্যও গ্যাসের চাহিদা বিভিন্ন খাতে বেড়ে গেছে বলে উল্লেখ করেন তিনি।
সেমিনারে চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমসহ ব্যবসায়ী নেতারা বক্তব্য রাখেন।
