২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কেন্দ্রীয় ব্যাংকের সিএসআরের আওতায় ৯ প্রকল্প

অন্যান্য প্রতিষ্ঠানের মতো এবার কেন্দ্রীয় ব্যাংকও প্রাতিষ্ঠানিক সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কার্যক্রম শুরু করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Mar 2014, 10:34 PM

Updated : 01 Sep 2026, 12:33 PM

ফাইল ছবি

ফাইল ছবি

এই কার্যক্রমের আওতায় ব্যাংকের ‘দুর্যোগ ব্যবস্থাপনা ও সামাজিক দায়বদ্ধতা তহবিল’ থেকে প্রথম পর্যায়ে ৯টি উন্নয়ন প্রকল্পে ৪ কোটি ২৫ লাখ টাকা সহায়তা দেয়া হবে।

মঙ্গলবার বাংলাদেশ ব্যাংকের সম্মেলনকক্ষে এক অনুষ্ঠানে এসব প্রকল্পের প্রতিনিধিদের হাতে সহযোগিতার প্রথম কিস্তি হিসেবে মোট ২ কোটি ২৮ লাখ ৯৮ হাজার ৭৫০ টাকার চেক তুলে দেন গভর্নর আতিউর রহমান।

এর আগে প্রকল্প প্রতিনিধিদের সঙ্গে আলাদা আলাদা সমঝোতা স্মারক সই করে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে গভর্নর বলেন, ‘দেশে এক সময়ে কিছু বড় শিল্পপতি এবং ধনী মানুষরা দরিদ্রদের আর্থিক সহায়তা প্রদান করতো। কিন্তু এটা এখন আর কেবল নৈতিক মূল্যবোধের পর্যায়ে সীমাবদ্ধ নেই। ব্যবসায়িক প্রতিষ্ঠান ও সংস্থাগুলো এখন সামাজিক দায়বদ্ধতা হিসেবে সিএসআর কার্যক্রম পরিচালনা করছে।’

“ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো সরাসরি জনগণের কাছ থেকে আমানত সংগ্রহ করে। জনসাধারণকে সেই অর্থ ধার দিয়ে তাদের ব্যবসা পরিচালনা করছে। তাই ব্যাংকের সামাজিক দায়বদ্ধতা অন্যান্য ব্যবসায়িক প্রতিষ্ঠানের চেয়ে একটু বেশি হওয়াটাই স্বাভাবিক।”

অনুষ্ঠানে জানানো হয়, সিএসআরের আওতায় বাংলাদেশ ব্যাংক আগারগাঁওয়ে নির্মিতব্য মুক্তিযুদ্ধ জাদুঘরের পাঁচতলা ভবন নির্মানে ৫০ লাখ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের সরঞ্জাম কিনতে ১ কোটি, ম্যানেজমেন্ট রিসোর্স ডিভোলপমেন্ট ইনিসিয়েটিভ (এমআরডিআই) এর একটি প্রকল্প বাস্তবায়নে ৭৫ লাখ, বাংলাদেশ ইউথ লিডারশিপ সেন্টার (বিওয়াইএলসি)-এর একটি প্রকল্পে ২০ লাখ টাকা সহায়তা দিচ্ছে।

এছাড়া অটিস্টিক চিলড্রেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশের ল্যাব স্থাপন ও ডাক্তার-নার্স প্রশিক্ষণের জন্য ৫০ লাখ, মাদকদ্রব্য ও নেশা নিরোধ সংস্থা মানসের মাদকবিরোধী তথ্যচিত্র নির্মানে ৫০ লাখ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটের সক্ষমতা বাড়াতে ৪০ লাখ, সেনাবাহিনী পরিচালিত ‘প্রয়াস’বিদ্যালয়ের বিশেষ চাহিদা সম্পন্ন শিশু কিশোরদের শিক্ষা ও পুনর্বাসনে ২৫ লাখ এবং মৌলভীবাজারের বন্যপ্রানী সেবা ফাউন্ডেশনের জমি কিনতে ১৫ লাখ টাকা দেবে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক ২০০৮ সালে দেশের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে সিএসআর কার্যক্রমে অংশগ্রহণ ও উৎসাহিত করার লক্ষ্যে নীতিমালা জারি করে।

এসব কার্যক্রমে প্রত্যক্ষ ব্যয় পাঁচ বছরে প্রায় ৬ গুণ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর এসকে সুর চৌধুরী, মো. আবুল কাসেম, নির্বাহী পরিচালক ম. মাহফুজুর রহমান, নির্মল চন্দ্র ভক্তসহ কেন্দ্রীয় ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা এবং সহায়তাপ্রাপ্ত প্রকল্পের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।