গতবছর বেশি মুনাফা স্ট্যান্ডার্ড চার্টার্ডের
গতবছর সরকার-বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে অনিরীক্ষিত মুনাফা অর্জনে শীর্ষে ছিল স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক।
বৃহস্পতিবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২০১৩ সালে ১০টি ব্যাংকের মুনাফার বিবরণ তুলে ধরেন।
আওয়ামী লীগের সাংসদ এনামুল হকের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী জানান, ২০১৩ সালে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক মুনাফা করেছে ১ হাজার ৫৪৮ কোটি ৬২ লাখ টাকা।
দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের মুনাফা হয়েছে ১ হাজার ৪৫৬ কোটি ৫৭ লাখ টাকা।
মুহিত বলেন, গত বছর জনতা ব্যাংক ১ হাজার ২১৩ কোটি ৪, এইচএসবিসি ৯৮৫ কোটি ৯২, অগ্রণী ৯৪২ কোটি ৩৯ ও পূবালী ব্যাংক ৭৯৬ কোটি ৯৮ লাখ টাকা মুনাফা করেছে।
এছাড়া ১০ ব্যাংকের মধ্যে প্রাইম ব্যাংক ৭৬৩ কোটি ১২, ইউনাইটেড কমার্শিয়াল ৭১২ কোটি ৬৪, সাউথ ইস্ট ৭১২ কোটি ১২ এবং ব্র্যাক ব্যাংক ৬৩৬ কোটি ৩৩ লাখ টাকা মুনাফা করেছে।
