কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশে কড়াকড়ি
গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান (কেপিআই) হিসেবে বাংলাদেশ ব্যাংকে সর্বসাধারণের প্রবেশে কড়াকড়ি আরোপে পদক্ষেপ নেয়া হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আতিউর রহমান বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে প্রবেশাধিকার নিয়ন্ত্রণ কার্যক্রমের উদ্বোধন করেন।
প্রাথমিকভাবে এ ব্যবস্থা গভর্নর ভবনে চালু হলেও পর্যায়ক্রমে তা প্রতিষ্ঠানের ৩০ তলা ভবনেও কার্যকর করা হবে।
অনুষ্ঠানে গভর্নর আতিউর বলেন, “কেপিআই প্রতিষ্ঠান হিসেবে কেন্দ্রীয় ব্যাংকের নিরাপত্তা জোরদার করতে কয়েক বছরে বেশ কিছু উদ্যোগ নেয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় নতুন এ পদ্ধতি চালু করা হলো।
“এর মাধ্যমে সর্বসাধারণের যাতায়াত নিয়ন্ত্রণ করা হবে। একইসঙ্গে সব কর্মীদের যাতায়াতের রেকর্ড কম্পিউটারে সংরক্ষণ ও তদারক করা হবে।”
জনসাধারণের প্রবেশাধিকার সংরক্ষণ পদ্ধতি বাস্তবায়নের জন্য গত বছরের মাঝামাঝি একটি নীতিমালা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
ওই নীতিমালার আওতায় সব কর্মকর্তাদের ডিজিটাল আইডি কার্ড সরবরাহ করা হয়।
বিশ্ব ব্যাংকের আর্থিক সহায়তায় কেন্দ্রীয় ব্যাংক শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় এটি বাস্তবায়ন করা হচ্ছে।
