২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘বিনিয়োগ ছাড়া ১০% প্রবৃদ্ধি আকাশ-কুসুম চিন্তা’

যথাযথ বিনিয়োগ ছাড়া মধ্যম আয়ের দেশ হওয়ার আশাকে ‘আকাশ-কুসুম চিন্তা’ বলেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Feb 2014, 07:04 PM

Updated : 01 Sep 2026, 12:31 PM

তিনি বলেছেন, প্রবৃদ্ধির হার ১০ শতাংশে নিয়ে যেতে হলে দেশি বিনিয়োগের পাশাপাশি বিদেশি বিনিয়োগ অপরিহার্য।

বৃহস্পতিবার রাজধানীর যমুনা ফিউচার পার্কে শুরু হওয়া মোবাইল ফোন ও কম্পিউটার পণ্যের প্রদর্শনী ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড ২০১৪’এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন অর্থমন্ত্রী।

যে নির্বাচনী ইশতেহার নিয়ে আওয়ামী লীগ টানা দ্বিতীয় দফায় ক্ষমতায় এসেছে তাতে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে একটি মধ্যম আয়ের দেশে উন্নীত করার লক্ষ্যের কথা বলা হয়েছে।

সরকারের প্রত্যাশা, ওই সময় দেশে মাথাপিছু গড় আয় এখনকার ১০৪৪ ডলার থেকে বেড়ে ১৫০০ ডলার হবে। প্রবৃদ্ধির হার ৬.২ শতাংশ থেকে বেড়ে হবে ১০ শতাংশ। দারিদ্রের হার ২৬ শতাংশ থেকে ১৩ শতাংশে নামিয়ে আনা সম্ভব হবে।

অর্থমন্ত্রী বলেন, “ওই স্বপ্ন বাস্তবায়ন করতে গেলে আমাদের প্রচুর বিনিয়োগ দরকার। এই বিনিয়োগ বাড়ানোর জন্য আমাদের একাট শক্তিশালী পুঁজিবাজার আছে। ২০১০ এর ধসের পরে তা ক্রমেই স্থিতিশীল হয়ে এসেছে এবং এখন অত্যন্ত শক্তিশালী অবস্থায় আছে।”

তবে এই পুঁজিবাজার দেশের সব বিনিয়োগের যোগান দিতে পারবে না মন্তব্য করে মুহিত বলেন, লক্ষ্য পূরণে প্রয়োজন প্রচুর বিদেশি বিনিয়োগ।

বর্তমান সরকার বিদেশি বিনিয়োগ বাড়ানোর লক্ষ্যে কাজ করছে বলেও জানান তিনি।

“বিনিয়োগ ছাড়া ১০ শতাংশ প্রবৃদ্ধি অর্জন বা মধ্যম আয়ের দেশে পরিণত হওয়ার চিন্তা হবে আকাশ-কুসুম চিন্তা।”

অন্যদের মধ্যে টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, জাতীয় পার্টির সাংসদ সালমা ইসলাম, বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি মোস্তফা জাব্বার এবং যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিশেষ অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী পলক ভ্যাট কমিয়ে ইন্টারেনেটের খরচ নামিয়ে আনার জন্য অর্থমন্ত্রীকে অনুরোধ করেন।

তিনি বলেন, “আমাকে আমার তরুণ বন্ধুরা ফেইসবুকে বলে, ইন্টারনেটের দাম কমাও, নৌকায় ভোট বাড়াও। আমরা এক কেজি চালের দামে এক জিবি (গিগাবাইট) ইন্টারনেট ব্যবহার করতে চাই।”

জবাবে অর্থমন্ত্রী বলেন, ইন্টারনেটের দাম কমার জন্য বাজেট পর্যন্ত অপেক্ষা করতে হবে।

এই অনুষ্ঠানের মধ্য দিয়েই যমুনা ফিউচার পার্কের লেভেল ৪-এ তথ্যপ্রযুক্তি পণ্যের বাজার উদ্বোধন করেন অর্থমন্ত্রী।

২৭ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ পর্যন্ত ‘বিসিএস আইসিটি ওয়ার্ল্ড’ এ দেড় শতাধিক প্রতিষ্ঠান তাদের পণ্য ও সেবা নিয়ে হাজির থাকবে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৮টা প্রদর্শনী চলবে।

প্রবেশমূল্য ২০ টাকা ধরা হলেও স্কুল শিক্ষার্থীরা পরিচয়পত্র দেখিয়ে বিনা টিকেটে প্রদর্শনীতে প্রবেশ করতে পারবে ।

প্রদর্শনীর সময় সব ধরনের পণ্য ও সেবায় থাকবে ছাড়, কেনাকাটা করা যাবে অনলাইনেও।

এ সময়ে যমুনা ফিউচার পার্কের বিভিন্ন সেবায় ১০ শতাংশ ছাড় দেয়া হয়েছে বলেও আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের আইসিটি বিজনেস প্রমোশন কাউন্সিল এ প্রদর্শনী আয়োজনে কম্পিউটার সমিতিকে সহযোগিতা দিচ্ছে। পৃষ্ঠপোষকতায় রয়েছে ডাচ বাংলা ব্যাংক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এই আয়োজনের মিডিয়া পার্টনার।