শেয়ার মালিকানার শর্ত পূরণে ব্যর্থ আরো ৪ ব্যাংক
পূবালী ব্যাংক ছাড়াও পুঁজিবাজারে তালিকাভুক্ত আরো চারটি ব্যাংকের পরিচালকরা সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) বেঁধে দেওয়া সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ার মালিকানা ধারনের শর্ত পূরণ করতে পারেননি।
সম্মিলিতভাবে মালিকানার শর্ত পূরণে ব্যর্থ এসব ব্যাংক হলো- এবি ব্যাংক, আইএফআইসি, সাউথইস্ট ব্যাংক ও উত্তরা ব্যাংক লিমিটেড।
২০১১ সালের ২২ নভেম্বর এক প্রজ্ঞাপন জারির মাধ্যমে এসইসি কোম্পানির পরিচালকদের ব্যাক্তিগতভাবে নূন্যতম ২ শতাংশ ও সম্মিলিতভাবে ৩০ শতাংশ শেয়ারধারণ বাধ্যতামূলক করে।
যেসব পরিচালকের ওই পরিমাণ শেয়ার নেই, তা ছয় মাসের মধ্যে অর্জন করতে বলা হয়।
মঙ্গলবার আইনের শর্ত পূরণ না হওয়ায় পূবালী ব্যাংকের চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য ঘোষণা করে হাই কোর্ট।
ডিএসইর সর্বশেষ তথ্য অনুযায়ী, এবি ব্যাংকের পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার আছে ১৩ দশমিক ৯১ শতাংশ, আইএফআইসি ব্যাংকের আছে ১১ দশমিক ৩১ শতাংশ, সাউথইস্ট ব্যাংকের আছে ২৭ দশমিক ২২ শতাংশ এবং উত্তরা ব্যাংকের আছে ১৩ দশমিক ৯৬ শতাংশ ।
পূবালী ব্যাংকের পরিচালকদের সম্মিলিতভাবে শেয়ার ছিল ১৪ দশমিক ৫৪ শতাংশ।
এছাড়া পুঁজিবাজারে তালিকাভুক্ত বাকি ২৫ ব্যাংকের মধ্যে ২৪ টির পরিচালকদের সম্মিলিত শেয়ার আছে ৩০ শতাংশের ওপরে।
একমাত্র ব্যতিক্রম রয়েছে রূপালী ব্যাংক, যার ৯০ শতাংশ শেয়ার সরকার ধারন করছে।
২০১২ সালের ১৭ জুলাই ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ৩৬২ জন পরিচালকের একটি তালিকা প্রকাশ করে, যারা ন্যূনতম শেয়ার ধারণে ব্যর্থ হয়েছেন বলে জানানো হয়।
পূবালীর চেয়ারম্যানসহ ৮ পরিচালকের পদ শূন্য
