৪৩ লাখ নতুন গ্রাহক রবি’তে
গত বছর ৪৩ লাখ নতুন গ্রাহক বেড়েছে বেসরকারী মোবাইল ফোন অপারেটর রবি'র।
বৃহস্পতিবার রুপসী বাংলা হোটেলে চতুর্থ প্রান্তিকের (অক্টোবর- ডিসেম্বর) প্রতিবেদন উপস্থাপন নিয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানের চিফ ফাইনান্সিয়াল অফিসার মাহতাব উদ্দিন আহমেদ এ তথ্য জানান।
তিনি বলেন, "গত বছরে রাজনৈতিক অস্থিরতরা মধ্যেও গ্রাহক মার্কেট শেয়ার এবং নতুন গ্রাহক যোগের ক্ষেত্রে পুরো বছর জুড়েই ধারাবাহিক অগ্রগতি ছিল।”
মাহতাব জানান, গত বছর ৪৩ লাখ নতুন গ্রাহক যোগের মাধ্যমে রবির সক্রিয় গ্রাহকের সংখ্যা এখন ২ কোটি ৫৪ লাখ। এটি দেশের মোট মোবাইল ফোন ব্যবহারকারীর শতকরা ২৩ দশমিক তিন ভাগ।
মাহতাব বলেন, “গত প্রন্তিকের প্রতিকূল পরিবেশের পরেও ২০১৩ সালে রবি’র রাজস্ব বৃদ্ধি হয়েছে শতকরা ১৬ ভাগ।"
তবে শেষ দুই মাস ৫ ফেব্রুয়ারির ভোটকে কেন্দ্র করে রাজনৈতিক অস্থিরতার কারণে ২০১৩ সালের তৃতীয় প্রান্তিকের (সেপ্টেম্বর-ডিসেম্বর) তুলনায় চতুর্থ প্রান্তিকে রবি'র রাজস্ব ৬ শতাংশ বা ৭০ কোটি টাকা কমেছে বলে জানান তিনি।
তৃতীয় প্রান্তিকের মোট রাজস্বের পরিমাণ ছিল একহাজার ১৭০ কোটি টাকা এবং চতুর্থ প্রান্তিকে এর পরিমাণ ছিলো একহাজার ১০০ কোটি টাকা।
পরিচালন ব্যয় বৃদ্ধি এবং থ্রিজি সংক্রান্ত খরচের কারণে চতুর্থ প্রান্তিকে রবির মোট আয় কমে হয়েছে ২৯০ কোটি, যা তৃতীয় প্রান্তিকে ছিল ৪৭০ বিলিয়ন টাকা বলে সংবাদ সম্মেলনে জানানো হয় ।
২০১৩ সালে প্রতিষ্ঠানটির মোট রাজস্বের পরিমাণ দাঁড়িয়েছে চার হাজার ৫২০ কোটি যা ২০১২ সালে ছিল তিন হাজার ৮৯০ কোটি টাকা।
মাহতাব উদ্দিন আহমেদ বলেন,“পুন:বিনিয়োগ অব্যাহত থাকায় ২০০৬ সাল থেকে শেয়ারহোল্ডারদের কোন ডিভিডেন্ড দেয়া যায়নি।”
“২০১৩ সালে রবি ১১ হাজার ১শ ৮৪ মিলিয়ন টাকা সরকারকে প্রত্যক্ষ ও পরোক্ষ কর দিয়েছে যা মোট রাজস্বের শতকরা ৪৩ ভাগ।
সংবাদ সম্মেলনে রবি’র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট (কর্পোরেট রেগুলেটরি অ্যান্ড লিগ্যাল) মাহমুদুর রহমান, চিফ মার্কেট অফিসার প্রদীপ শ্রীবাস্তবসহ উধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
