নাশকতায় রেলে ক্ষতি ৯৪ কোটি টাকা: মন্ত্রী
গত বছর হরতাল-অবরোধে রেলওয়ের ৯৪ কোটি টাকা ক্ষতি হয়েছে বলে সংসদে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক।
এই সহিংসতায় পরিপ্রেক্ষিতে রেলওয়ে পুলিশের জনবল প্রায় দেড় হাজার জন বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান তিনি।
সোমবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে মুজিবুল হক বলেন, বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাসী কর্তৃক ধ্বংসাত্মক কার্যক্রম ও নাশকতার মাধ্যমে ২৮ ফেব্রুয়ারি হতে অক্টোবর ২০১৩ পর্যন্ত ২৪ কোটি টাকা এবং নভেম্বর হতে ডিসেম্বর ২০১৩ পর্যন্ত রেলের প্রায় ৭০ কোটি টাকার আর্থিক ক্ষতি হয়েছে।
আরেক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, রেলওয়ে পুলিশের জন্য আরো দুটি পুলিশ সুপারের পদসহ জনবল ১ হাজার ৪৪১ জন বাড়ানোর একটি প্রস্তাব রেলপথ মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।
রেলে নাশকতার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দায়ী করে মুজিবুল হক বলেন, তার ‘উস্কানিতে’ এই সহিংসতায় সাতজন নিহত এবং ৪৯ জন আহত হয়েছেন। আনসার-ভিডিপির দুজন সদস্য নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন।
রেলপথে হামলার ঘটনায় ৬২টি মামলায় ২৪৬ জন গ্রেপ্তার হয়েছেন বলে তিনি জানান।
এদিকে সংসদে এক প্রশ্নের জবাবে যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের জানান, ১৮ দলীয় জোটের ‘নাশকতা’র ফলে সড়ক ও জনপথ অধিদপ্তরের আনুমানিক ১১ কোটি ২৫ লাখ ৩৩ হাজার টাকা এবং বিটিআরসির আনুমানিক ৫৮ কোটি ২৭ লাখ ৬৯ হাজার টাকা ক্ষতি হয়েছে।
