বেসিসের ‘ওয়ান বাংলাদেশ’ রূপকল্পের ক্যাম্পেইন শুরু
১০০ কোটি ডলার রপ্তানি ও ১০ লাখ পেশাদার তথ্য-প্রযুক্তি কর্মী তৈরিসহ বেশ কিছু পরিকল্পনা নিয়ে পাঁচ বছরের রূপকল্প ‘ওয়ান বাংলাদেশ’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করেছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।
রোববার রাতে র্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আনুষ্ঠানিকভাবে এ সফটওয়্যার ও আইটি শিল্পের ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে বেসিস সভাপতি শামীম আহসান বলেন, “আগামী ৫ বছরে ১০০ কোটি ডলার রপ্তানি, ১০ লাখ পেশাদার আইটি জনশক্তি তৈরী, প্রতিবছর এক কোটি মানুষকে ইন্টারনেটের আওতায় আনা এবং জিডিপিতে সফটওয়্যার ও আইটি খাত থেকে ১ শতাংশ অবদান রাখার লক্ষ্য নির্ধারণ করেছি এবং বিস্তারিত সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করেছি।”
অনুষ্ঠানে ইন্টারন্টে থেকে ভ্যাট প্রত্যাহারের আবেদন জানান বেসিস সভাপতি।
“সফটওয়্যার ও আইটি শিল্পের ‘ওয়ান বাংলাদেশ’ রুপকল্প অর্জনের মধ্য দিয়ে ২০২১ সালের ‘ডিজিটাল বাংলাদেশ’ রূপকল্প অর্জন সম্ভব হবে এবং দেশের তরুণ-তরুণী কাজ করে দেশকে উচ্চ আয়ের দেশে পরিনত করবে।”
অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেন, “আইসিটি সেক্টরটি তরুণদের এবং তারাই বেশি ব্যবহার করে। মেধাবী তরুণদের এখান থেকে তুলে আনতে হবে যাতে তারা এ সেক্টরে সৃষ্টিশীল কিছু করতে পারে। মনে রাখতে হবে আইসিটি সমাজের উন্নয়নের একটি মাধ্যম।”
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম বলেন, “দক্ষ ও কম খরচের বাজার থাকায় বাংলাদেশ বিনিয়োগকারীদের আগ্রহ তৈরী করেছে, রূপকল্পের পাশাপাশি একটি রোডম্যাপ থাকতে হবে যাতে ইউরোপ ও আমেরিকার বাজার আরো ভালোভাবে আকর্ষণ করা যায়।”
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক বেসিসের রূপকল্পকে স্বাগত জানিয়ে বলেন,“ এটি বাস্তবায়নে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরণের সহযোগিতা করা হবে।
“আন্তজার্তিকভাবে আইটি বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি মূল লক্ষ্য হয়ে উঠছে, এই রুপকল্প বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে আরো একধাপ এগিয়ে নিয়ে যাবে।”
বর্তমানে বেসিসের ৭০০ এরও বেশি সদস্য রয়েছে বলে সংগঠনটির মহাসচিব রাসেল টি আহমেদ অনুষ্ঠানে জানান।
তিনি বলেন, “বিগত অর্থবছরে এই খাতে ১০০ মিলিয়ন ডলার রপ্তানি আয় করেছি। এই খাতের রপ্তানি প্রবৃদ্ধি এখন দেশের শীর্ষ ১৫টির একটি।”
