২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চিনির দাম বৃদ্ধির আশঙ্কা নেই : শিল্পমন্ত্রী 

বিশ্বব্যাপী আখের উৎপাদন ভালো হওয়ায় আন্তর্জাতিক বাজারে চিনির দাম ও সরবরাহ স্থিতিশীল থাকায় দেশেও এর দাম বাড়ার আশঙ্কা নেই বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2014, 08:23 PM

Updated : 01 Sep 2026, 12:26 PM

রোববার দুপুরে রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী বলেন, “ব্রাজিলসহ প্রধান প্রধান চিনি উৎপাদনকারি দেশগুলোতে এবছর আখের চাষ আগের তুলনায় ভালো হয়েছে। ফলে পণ্যটির দাম বাড়ার আশংকা নেই।

“কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সরকার নিজেই অপরিশোধিত চিনি আমদানি করে পরিশোধিত চিনি উৎপাদনের উদ্যোগ নেবে।”

শিল্প মন্ত্রণালয়, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি), ঢাকা চেম্বার এবং বিজনেস ইনিশিয়েটিভ লিডিং ডেভেলপমেন্ট (বিল্ড) যৌথভাবে ‘রপ্তানি বৃদ্ধিতে অ্যাক্রেডিটেশনের ভূমিকা’ শীর্ষক ওই সেমিনারটির আয়োজন করে।

আমির হোসেন আমু বলেন, সরকারের সঙ্গে পাল্লা দিয়ে কারসাজির মাধ্যমে চিনির বাজার অস্থিতিশীল করার চেষ্টা করলে সমতা আনতে সরকার অতিরিক্ত শুল্ক আরোপ করবে।

ফাইল ছবি

ফাইল ছবি

ফাইল ছবি

সত্যিকার অর্থে যারা ব্যবসা-বাণিজ্যের সঙ্গে জড়িত, কেবল তাদেরই ব্যবসা করা উচিত বলে মন্তব্য করেন আমির হোসেন আমু।

তিনি জানান, গত এক বছরের বেশি সময় ধরে দেশের বাজারে চিনির দর স্থিতিশীল রয়েছে। টিসিবির তথ্য অনুযায়ী, বর্তমানে ৪২ থেকে ৪৪ টাকা কেজি দরে বাজারে চিনি পাওয়া যাচ্ছে। এক বছর আগে এই দাম ছিলো ৪৮ থেকে ৫০ টাকা।

ঢাকা চেম্বারের সভাপতি মোহাম্মদ শাহজাহান খানের সভাপতিত্ব সেমিনারে অতিরিক্ত শিল্পসচিব মোহাম্মদ ফরহাদ উদ্দিন, বিএবির মহাপরিচালক আবু আবদুল্লাহ ও সদস্য লিয়াকত আলী, বিল্ডের চেয়ারম্যান আসিফ ইব্রাহীম, ডিসিসিআইয়ের সহ-সভাপতি খন্দকার শহীদুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।

অনুষ্ঠানে বক্তারা সরকারি-বেসরসকারি যৌথ অংশীদারিত্বে দেশেই আন্তর্জাতিকভাবে স্বীকৃত পরীক্ষাগার বা অ্যাক্রেডিটেড ল্যাবরেটরি  স্থাপনের পরামর্শ দেন।

তারা বলেন, এতে বিএসটিআই পরিচালিত ল্যাবরেটরিগুলোর ওপর পরীক্ষণের চাপ কমে আসবে। এ উদ্যোগ পণ্যের মান পরীক্ষাখাতে সময় ও অর্থের সাশ্রয় করে রপ্তানি প্রবৃদ্ধিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

অনুষ্ঠান শেষে মন্ত্রী বাংলাদেশ অ্যাক্রেডিটেশন বোর্ড (বিএবি) প্রকাশিত ’অ্যাক্রেডিটেশন হ্যান্ডবুকের’ মোড়ক উন্মোচন করেন।