সিএসইর চেয়ারম্যান হলেন আব্দুল মজিদ
ব্যবস্থাপনা ও মালিকানা আলাদা হওয়ার পর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রথম চেয়ারম্যান নির্বাচিত হলেন এনবিআরের সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ।
শনিবার রাত সোয়া ১১টার দিকে সিএসইর জ্যেষ্ঠ জনসংযোগ কর্মকর্তা সানজিদা পারভীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ডিমিউচ্যুয়ালাইজেশন অ্যাক্ট অনুযায়ী সিএসইর পরিচালনা পর্ষদ সর্বসম্মতিক্রমে আব্দুল মজিদকে চেয়ারম্যান নির্বাচিত করেছে।”
সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সাজিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “স্বতন্ত্র পরিচালক আব্দুল মজিদকে সর্বসম্মতিক্রমে চেয়ারম্যান করা হয়েছে।”
তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে আব্দুল মজিদ বলেন, “এটা একটা চ্যালেঞ্জ। ডিমিউচ্যুয়ালাইজেশন আইন অনুয়ায়ী এখন নতুনভাবে দুই স্টক এক্সচেঞ্জের কার্যক্রম পরিচালিত হবে।
“সবার সম্মিলিত সহযোগিতায় বিনিয়োগকারীদের আস্থা ধরে রাখতে একসঙ্গে কাজ করব।”
শনিবার রাতে চট্টগ্রামে সিএসই ভবনে পরিচালনা পর্ষদের সদস্যদের বৈঠকে চেয়ারম্যান নির্বাচন করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত চট্টগ্রামের সিএসই ভবনে চারজন শেয়ারধারী পরিচালক নির্বাচনের জন্য ভোট হয়।
ভোটে নির্বাচিত চার পরিচালক হলেন-মির্জা সালমান ইস্পাহানী, খায়রুল আনাম, মোহাম্মাদ মহিউদ্দিন ও শামসুল ইসলাম।
ভোট গণনা শেষে সন্ধ্যায় নির্বাচন কমিশনের চেয়ারম্যান ওয়াহিদ ইদ্রিস তাদের বিজয়ী ঘোষণা করেন।
স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পর এটাই প্রথম নির্বাচন। চেয়ারম্যান নির্বাচনের মধ্য দিয়ে ডিমিউচ্যুয়ালাইজেশন আইনে বদলে যাওয়া সিএসইর নতুন পরিচালনা পর্ষদেরও যাত্রা শুরু হলো।
ফাইল ছবি
আগের ব্যবস্থায় গত বছরের ডিসেম্বরে ‘শেষ নির্বাচনে’ জয়ী হয়ে দ্বিতীয়বারের মতো সিএসইর সভাপতির দায়িত্ব পেয়েছিলেন আল মারুফ খান।
নতুন নিয়মে স্টক এক্সচেঞ্জের ১৩ সদস্যের পরিচালনা পর্ষদে স্বতন্ত্র পরিচালক সাতজন, শেয়ারধারী বিনিয়োগকারীদের মধ্যে থেকে চারজন, একজন কৌশলগত বিনিয়োগকারী পরিচালক ও একজন ব্যবস্থাপনা পরিচালক থাকার কথা।
কৌশলগত বিনিয়োগকারী পরিচালক এখনো না হওয়ায় বর্তমানে পর্ষদের সদস্য সংখ্যা ১২।
পুঁজিবাজারে ব্যাপক উত্থান পতনের পর ২০১১ সালে স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশনের উদ্যোগ নেয় সরকার। এরপর চলতি বছর ২৯ এপ্রিল জাতীয় সংসদে ‘এক্সচেঞ্জেস ডিমিউচ্যুয়ালাইজেশন বিল, ২০১৩’পাস হয়।
রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসের (আরজেএসসি) কাছ থেকে সংঘস্মারক ও সংঘবিধির নিবন্ধিত সনদ এবং পাবলিক কোম্পানিতে রূপান্তরের পুনঃনিবন্ধন সনদ পাওয়ার পর ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের ডিমিউচ্যুয়ালাইজেশন প্রক্রিয়া শেষ হয়।
ডিমিউচুয়ালাইজেশন অর্থ হলো- এক্সচেঞ্জ-এর লেনদেনের অধিকার হতে ব্যবস্থাপনা ও মালিকানা পৃথক করা। ১৯৯৩ সালে প্রথম এ ধারণা শুরু হয়। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি স্টক এক্সচেঞ্জে ডিমিউচ্যুয়ালাইজেশন সম্পন্ন হয়েছে; যার মধ্যে ভারত, পাকিস্তান, সিঙ্গাপুর ও নিউ ইয়র্ক স্টক একচেঞ্জ অন্যতম।
এ আইনের বিধান লঙ্ঘনে সংশ্লিষ্ট এক্সচেঞ্জকে অন্যূন ১০ লাখ টাকা অর্থদণ্ড ও নিবন্ধন সনদ স্থগিতের বিধান হয়েছে। কোনো পরিচালক, সদস্য, প্রধান নির্বাহী কর্মকর্তা, কর্মকর্তা-কর্মচারী, কমিটির কোনো সদস্য, শেয়ারহোল্ডার বা ব্যক্তিকে এক লাখ টাকা দণ্ড করা যাবে।
