ইআরএফের সভাপতি বাদল সম্পাদক সাজ্জাদ
অর্থনৈতিক রিপোর্টারদের সংগঠন ইকোনোমিক রিপোর্টার্স ফোরামের(ইআরএফ) দ্বিবার্ষিক পরিচালনা পর্ষদের নির্বাচনে সুলতান মাহমুদ বাদল সভাপতি ও সাজ্জাদুর রহমান সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে এই নির্বাচন হয়। এর আগে একইস্থানে সংগঠনের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের বিদায়ী সভাপতি খাজা মাইনুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সাধারণ সভায় গত দুই বছরের কার্যক্রম নিয়ে প্রতিবেদন তুলে ধরেন সাধারণ সম্পাদক আবদুর রহিম হারমাছি। আর্থিক হিসাব বিবরণী জানান অর্থ সম্পাদক আশরাফুল ইসলাম।
এসময় সংগঠনের জ্যেষ্ঠ সদস্যরা তাদের মতামত তুলে ধরেন।
আগামী দুই বছরের পরিচালনা পর্ষদের জন্য বিকালে অনুষ্ঠিত নির্বাচনে দৈনিক অর্থনীতি প্রতিদিনের প্রধান প্রতিবেদক বাদল সভাপতি নির্বাচিত হন। এই পদে আরো প্রতিদ্বন্দ্বিতা করেন এপি’র সাবেক ব্যুরো প্রধান ফরিদ হোসেন ও জ্যেষ্ঠ সাংবাদিক মনোয়ার হোসেন।
সহ-সভাপতি নির্বাচিত হন দৈনিক আলোকিত বাংলাদেশের বিজনেস এডিটর সৈয়দ শাহনেয়াজ করীম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন সুনীতি কুমার বিশ্বাস।
সাধারণ সম্পাদক পদে নির্বাচিত সাজ্জাদ ইংরেজি দৈনিক ডেইলি স্টারের জ্যেষ্ঠ প্রতিবেদক। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন দৈনিক নয়াদিগন্তের জ্যেষ্ঠ প্রতিবেদক হামিদ সরকার।
সহকারী সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের রেজাউল করীম। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন এটিএন বাংলার মোরশেদ আলম।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদক শেখ আবদুল্লাহ অর্থ সম্পাদক পদে নির্বাচিত হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের এফ এইচ এম হুমায়ুন কবীর।
এছাড়া জ্যেষ্ঠ সাংবাদিক বদিউল আলম, বাসসের নির্বাহী সম্পাদক বখতিয়ার রানা, ভোরের কাগজের জ্যেষ্ঠ প্রতিবেদক জীবন ইসলাম ও মানবকণ্ঠের জ্যেষ্ঠ প্রতিবেদক নাজমুল হক বিনা প্রতিদ্বন্দ্বিতায় সদস্য নির্বাচিত হন।
নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল।
সংগঠনটির ১৫৯ জন ভোটারের মধ্যে ১৪৩ জন ভোট দেন।
