চাষিরা আবার আলু ঢাললেন রাস্তায়
দাম পড়ে যাওয়ায় লোকসানের মুখে থাকা রংপুর ও জয়পুরহাটে চাষিরা সড়কে আলু ফেলে বিক্ষোভ করেছেন।
আলু রপ্তানি বাড়ছে ৪ গুণ
আলুর মূল্য পড়ে যাওয়ায় দেশের বিভন্ন স্থানে কয়েকদিন ধরে রাস্তায় আলু ঢালাসহ বিভিন্ন কর্মসূচি পালন করে আসছেন চাষিরা।
বুধবার মাহিগঞ্জ সাতমাথায় রংপুর-কুড়িগ্রাম সড়কে শতাধিক বস্তা আলু ফেলে অবরোধ ও বিক্ষোভ করে ন্যায্যমূল্য দাবি জানান আলুচাষিরা।
বেলা ১১টা থেকে একঘণ্টার অবরোধ চলাকালে সড়কের উভয়পাশে শত শত যানবাহন আটকা পড়ে।
প্রায় একই সময়ে জয়পুরহাট-বগুড়া মহাসড়কের বটতলী এলাকার রাস্তায় আলু ছিটিয়ে বিক্ষোভ করেন শতাধিক চাষি।
বিক্ষোভ চলাকালে রংপুরের চাষি শফিক মিয়া জানান, তার তিন একর জমি থেকে আলু উঠেছে ৩০০ বস্তা।
মোট খরচ হয়েছে এক লাখ ৮০ হাজার টাকা। দেড় টাকা কেজি দরে ১০০ বস্তা আলু বেচে পেয়েছেন মাত্র সাড়ে ১২ হাজার টাকা।
অবশিষ্ট আলু এ দামে বেচলে এক লাখ ৪২ হাজার টাকা লোকসান গুণতে হবে বলে জানান তিনি।
আরেক চাষি মজিবর রহমানও একই কথা জানালেন। এই দরে আলু বেচে পুঁজি হারানোর আশঙ্কায় রয়েছেন ব্যাংক ঋণ নিয়ে আলু চাষ করা মজিবর।
রংপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ফিরোজ আহমেদ বলেন, এ বছর কেজিতে উৎপাদন খরচ পড়েছে ৬/৭ টাকা। বিক্রি হচ্ছে দেড় টাকা থেকে ২ টাকা দরে।
জয়পুরহাটে আলুচাষি সংগ্রাম কমিটির ব্যানারে আলু চাষিরা বিক্ষোভ-সমাবেশ করেন।
সরকারি উদ্যোগে উৎপাদন খরচের সাথে শতকরা ৩৫ ভাগ মূল্য সহায়তা দিয়ে হিমাগারগুলোতে চাষিদের আলু সংরক্ষণের সুবিধা দেয়ার দাবি জানান চাষিরা।
