২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিরাতে অপপ্রচার, মোকাবেলায় ব্যবস্থা: প্রবাসী কল্যাণমন্ত্রী

সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশি শ্রমিকরা অপপ্রচারের শিকার হচ্ছেন জানিয়ে তা মোকাবেলায় ব্যবস্থা নেয়ার কথা বলেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Feb 2014, 05:36 PM

Updated : 01 Sep 2026, 12:24 PM

মঙ্গলবার ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে ঢাকায় নিযুক্ত আমিরাতের রাষ্ট্রদূত সাঈদ বিন হাজার আল সাহির সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন।

মন্ত্রীর অভিযোগ,মধ্যপ্রাচ্যের দেশটিতে অপরাধমূলক কর্মকাণ্ডে একজন বাংলাদেশি থাকলেও তা নিয়ে পুরো দেশের বিরুদ্ধে ঢালাওভাবে অপপ্রচার হচ্ছে।

“আমরা অপপ্রচারের শিকার। বাংলাদেশকে টার্গেট করে সুচিন্তিতভাবে এ অপপ্রচার করা হচ্ছে।”

তবে কে বা কারা এ অপপ্রচার করছে, তা মন্ত্রী স্পষ্ট করেননি। অপপ্রচারের জবাব দিতে আমিরাতে সরকার জনবল নিয়োগ দেবে বলে জানান তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মোশাররফ বলেন, “তার (রাষ্ট্রদূত) সঙ্গে আলাপকালে শ্রমিক রপ্তানির বিষয়টি তুলেছি। তিনি বলেছেন, বাংলাদেশ ছাড়াও সাত-আটটি দেশ থেকে আরব আমিরাতে শ্রমিক নেয়া সাময়িক স্থগিত রয়েছে।”

তবে আমিরাতে বিভিন্ন পেশায় দক্ষ কর্মীরা বাংলাদেশ থেকে যাচ্ছে বলে দাবি করেন তিনি।

আমিরাতে বাংলাদেশিদের মর্যাদাপূর্ণ অভিবাসনে যত দ্রুত সম্ভব দেশটির নীতি-নির্ধারকদের সঙ্গে আলোচনা করবেন বলেও জানান মন্ত্রী।