বাংলাদেশে যাত্রা শুরু অলাভজনক সংগঠন টিআইই’র
বাংলাদেশে কার্যক্রম শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের তথ্য-প্রযুক্তি উৎকর্ষের পীঠস্থান সিলিকন ভ্যালির পেশাজীবী ও উদ্যোক্তাদের সংগঠন ‘দ্য ইন্দাস এন্টারপ্রিনিয়ারস’ (টিআইই)।
সোমবার দুপুরে ঢাকার ওয়েস্টিন হোটেলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন সংগঠকরা।
১৯৯২ সালে সিলিকন ভ্যালির একদল সফল উদ্যোক্তা ও অভিজ্ঞ পেশাজীবীর হাত ধরে যাত্রা শুরু করে ‘অলাভজনক’ সংগঠন টিআইই।
প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার মাধ্যমে উদ্যোক্তাদের পাশে থাকা ও নতুন উদ্যোক্তা তৈরিই সংগঠনটির মূল লক্ষ্য। বর্তমানে ১৭ দেশের ৬০ টি অঞ্চলে এর কার্যক্রম চলছে।
এর সঙ্গে যুক্ত রয়েছেন ১১,০০০ সদস্য ও ২৫০০ চার্টার সদস্য।
টিআইই ঢাকা’র প্রতিষ্ঠাতা সভাপতি ও ডেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা সোনিয়া বশির কবির এবং টিআইই ঢাকার সহ-সভাপতি এবং এখনি ডটকমের প্রধান নির্বাহী কর্মকর্তা শামীম আহসান সংবাদ সম্মেলনে বক্তব্য দেন।
টিআইই ঢাকার কোষাধ্যক্ষ ও আমান গ্রুপের ভাইস প্রেসিডেন্ট তাহসিন আমান, টিআইই ঢাকার পরিচালক ও আনোয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক খালিদ হোসাইন, একাত্তর টিভির সিইও সামিয়া জামান, চ্যাম্পস টুয়েন্টি ওয়ানের সিইও রাসেল টি আহম্মেদ, এয়ারটেলের ভাইস প্রেসিডেন্ট রুবাবা দৌলা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এছাড়াও উপস্থিত ছিলেন টিআইই ঢাকার প্রতিষ্ঠাতা চার্টার মেম্বার ব্যারিস্টার নিহাদ কবির, আমরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ ফারহাদ আহম্মেদ, মেট্রোনেটের সিইও সৈয়দ আলমাস কবির, গ্রিন ডেল্টা ইনস্যুরেন্সের সিইও ফারজানা চৌধুরী, অ্যাডকমের সিউও নাজিম ফারহান চৌধুরী এবং নিউ ভিশন সল্যুশনের ব্যবস্থাপণা পরিচালক তারেক রাফি ভুইয়া।
সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির কবির উপস্থিত সবাইকে স্বাগত জানিয়ে বলেন, ‘টিআইই ঢাকার একজন সদস্য হিসেবে আজ আমি খুবই আনন্দিত যে, বাংলাদেশেও আমরা সংগঠনটি নিয়ে এগিয়ে যাচ্ছি। টিআইই বিশ্বের বৃহত্তম অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন।”
তিনি জানান, সংগঠনটি বিশ্বের পাঁচ মহাদেশের উদ্যোক্তাদের জন্য কাজ করে।
সহ-সভাপতি শামীম আহসান, সংগঠনে যোগদানের যোগ্যতা ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন।
পরে প্রশ্নোত্তর পর্বের মাধ্যমে সাংবাদিক সম্মেলন শেষ হয়।
