২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লাইসেন্সের টাকা দিতে সময় পাচ্ছে সিটিসেল

শর্তসাপেক্ষে দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের অর্থ জমা দিতে ৬ মাস সময় পাচ্ছে দেশের প্রথম মোবাইল ফোন অপারেটর সিটিসেল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2014, 09:54 PM

Updated : 01 Sep 2026, 12:23 PM

সরকারের পাওনা রাজস্ব ২৬ কোটি টাকা চলতি মাসের মধ্যে জমা দেয়া সাপেক্ষে এ সময় পেতে যাচ্ছে সিটিসেল।

রোববার ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে এক সভায় এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক।

সচিব বলেন, “সভায় সিটিসেল এর প্রতিনিধিরা রাজস্ব হিসেবে সরকারের পাওনা ২৬ কোটি টাকা চলতি মাসে জমা দিতে রাজি হয়েছেন।”

“সরকারের পাওনা রাজস্ব জমা দেয়া সাপেক্ষে টুজি লাইসেন্স নবায়নের বাকী টাকা (২২৯ কোটি টাকা) জমা দিতে ৬ মাস সময় বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।”

তবে সভার বিস্তারিত পরে প্রকাশ করা হবে বলে জানান ডাক ও টেলিযোগযোগ মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী।

লাইসেন্স নবায়নের অর্থ জমা না দেয়ায় গত ৩ ফেব্রুয়ারি সিটিসেলের লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে কারণ দর্শানো নোটিস দেয় এ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।

নোটিসে বলা হয়, লাইসেন্স নবায়ন, তরঙ্গমূল্য, রাজস্বসহ অন্যান্য কিছু খাত বাবদ ২৫৫ কোটির বেশি টাকা সিটিসেলের বকেয়া রয়েছে।

বিলম্ব ফিসহ টাকা জমা দেয়ার সময় অনেক আগেই শেষ হওয়ার পর বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বকেয়া টাকা পরিশোধ করেনি সিটিসেল, বলা হয় নোটিসে।

সিটিসেলকে ৩০ দিনের মধ্যে জবাব দেয়ার সময়সীমা বেঁধে দিয়ে 'লাইসেন্স কেন বাতিল করা হবে না' তা জানাতে বলে বিটিআরসি।

দীর্ঘদিন ধরেই গ্রাহক কমার প্রভাবে আর্থিক সঙ্কটের কারণে দেশের প্রথম ও একমাত্র সিডিএমএ প্রযুক্তির মোবাইল অপারেটর সিটিসেল তৃতীয় প্রজন্মের (থ্রিজি)সেবার নিলামের জন্য যোগ্য বিবেচিত হয়েও দুই কোটি ডলার জামানত দিতে পারেনি। ফলে প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়ে ১৯৮৯ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসা প্রতিষ্ঠানটি।

অবশ্য প্রযুক্তিগত কৌশলের অংশ হিসেবে গত বছরের শেষদিকে জিএসএম প্রযুক্তিতে রূপান্তরের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছিল সিটিসেল। কিন্তু ওই প্রক্রিয়ায় একশ' কোটির টাকারও বেশি বিটিআরসিতে জমা দেয়ার কথা থাকলেও, পরে তা দেয়নি প্রতিষ্ঠানটি।

বিটিআরসির হিসাবে গত ডিসেম্বর পর্যন্ত সিটিসেলের গ্রাহক সংখ্যা ১৩ লাখ ৬৫ হাজার।