সিটিসেলকে কারণ দর্শাতে বলেছে বিটিআরসি
দ্বিতীয় প্রজন্মের (টুজি) লাইসেন্স নবায়নের অর্থ জমা না দেয়ায় জন্য মোবাইল অপারেটর সিটিসেলের 'লাইসেন্স কেন বাতিল করা হবে না জানতে চেয়ে' কারণ দর্শানো নোটিস দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি।
সোমবার বিটিআরসি ওয়েবসাইটে প্রকাশিত এ নোটিশে বলা হয়, লাইসেন্স নবায়ন, তরঙ্গমূল্য, রাজস্বসহ অন্যান্য বেশকিছু খাত বাবদ ২৫৫ কোটির বেশি টাকা সিটিসেলের কাছ থেকে বকেয়া রয়েছে।
বিলম্ব ফিসহ টাকা জমা দেয়ার সময় অনেক আগেই শেষ হয়েছে উল্লেখ করে, বারবার তাগাদা দেয়া সত্ত্বেও বকেয়া টাকা পরিশোধ করেনি সিটিসেল বলে জানায় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থাটি।
নোটিসে সিটিসেলকে ৩০ দিনের মধ্যে জবাব দেয়ার সময়সীমা বেঁধে দিয়ে 'লাইসেন্স কেন বাতিল করা হবে না' তা জানাতে বলেছে বিটিআরসি।
দীর্ঘদিন ধরেই গ্রাহক কমতে থাকায় বড় ধরনের সঙ্কটের মুখোমুখি হচ্ছে বাংলাদেশের প্রথম ও একমাত্র সিডিএমএ মোবাইল অপারেটর সিটিসেল।
তৃতীয় প্রজন্মের মোবাইল প্রযুক্তির সেবার নিলামের জন্য যোগ্য বিবেচিত হওয়ার পরও ‘আর্থিক সমস্যার কারণে’ প্রতিষ্ঠানটি দুই কোটি ডলার জামানত জমা দিতে পারেনি। ফলে প্রতিযোগিতা থেকেও ছিটকে পড়ে ১৯৮৯ সাল থেকে কার্যক্রম চালিয়ে আসা প্রতিষ্ঠানটি।
অবশ্য প্রযুক্তিগত কৌশলের অংশ হিসাবে গত বছরের শেষদিকে জিএসএম প্রযুক্তিতে রূপান্তরের জন্য বিটিআরসির কাছে আবেদন করেছিল সিটিসেল। কিন্তু ওই প্রক্রিয়ায় একশ' কোটির টাকারও বেশি বিটিআরসিতে জমা দেয়ার কথা থাকলেও, পরে দেয়নি প্রতিষ্ঠানটি।
