ভালবাসা দিবসে ঢাকার আকাশে ওড়ার সুযোগ
বিশ্ব ভালবাসা দিবসে প্রেমিক যুগলকে হেলিকপ্টারে ঢাকার আকাশ ভ্রমণের সুযোগ করে দিয়েছে একটি প্রতিষ্ঠান।
একটি প্রতিযোগিতার মধ্য দিয়ে বিজয়ী যুগলকে নির্বাচিত করে তাদের এই সুযোগ দেয়া হবে বলে রোববার এক সংবাদ সম্মেলনে জানানো হয়েছে।
এখনই.কম নামে ই-কমার্স ওয়েবসাইটের আয়োজনে এই প্রতিযোগিতায় বিজয়ী যুগল নির্বাচন করবেন তারকা দম্পতি মোস্তফা সরয়ার ফারুকী ও তিশা।
বিজয়ী হতে প্রতিযোগীকে এখনই.কম থেকে ৫০০ টাকা বা তার বেশি মূল্যমানের উপহার পাঠাতে হবে নিজের ভালবাসার মানুষকে, সঙ্গে দিতে হবে একটি বার্তা।
ফারুকী-তিশার বিচারে সবচেয়ে সুন্দর ও আবেগময় অনুভূতি যিনি জানাতে পারবেন, তিনি ও তার সঙ্গী পাবেন হেলিকপ্টার ভ্রমণের সুযোগ।
এই প্রতিযোগিতার নাম তারা দিয়েছেন- ‘লাভ ইন দি এয়ার উইথ এখনই.কম’, যা ২রা ফেব্রুয়ারি থেকে শুরু হবে।
