‘আস্থা ফেরায়’ লেনদেনে চাঙ্গাভাব
পুঁজিবাজারের সূচক বৃদ্ধির ধারায় দুইমাস পর আবারো আটশ কোটি টাকা ছড়িয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন, যাকে সাধারণ বিনিয়োগকারীদের আস্থার প্রকাশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা- বিএসইসির সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলামের মতে, দেশের রাজনীতিতে স্থিতিশীলতা ফিরে আসছে- এমন আভাস থেকেই বাজারের এই চাঙ্গাভাব।
বুধবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সার্বিক মূল্যসূচক বেড়েছে ৫৬ পয়েন্ট, হাতবদল হয়েছে প্রায় ৮৩৫ কোটি টাকার শেয়ার।
এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের সূচক বেড়েছে ১২০ পয়েন্ট; লেনদেন হয়েছে ৭২ কোটি টাকার শেয়ার।
গত ৫ জানুয়ারি জাতীয় নির্বাচনের পর একদিন ছাড়া প্রতিদিনই এ দুই বাজারে সূচক বেড়েছে, সঙ্গে বেড়েছে লেনদেন। এই সময়ে ডিএসই সূচক বেড়েছে ৩৫০ পয়েন্ট। সিএসইতে বেড়েছে প্রায় ৭০০ পয়েন্ট।
বাজারের বর্তমান প্রসঙ্গে আজিজুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অনেক ঘটনার পর দেশে বর্তমানে রাজনৈতিক স্থিতিশীলতা বিরাজ করছে। বিরোধীর দলের পক্ষ থেকে হরতাল-অবরোধের মত ধ্বংসাত্মক কোনো কর্মসূচি আপাতত নেই। আগামী ছয় মাসে আসবে বলেও মনে হচ্ছে না।
“সবকিছু মিলিয়ে বিনিয়োগকারীদের মধ্যে আস্থা ফিরতে শুরু করেছে। এটাই বাজারের স্বাভাবিক নিয়ম।”
ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার এ বাজারে লেনদেন হয়েছে প্রায় ৮৩৫ কোটি টাকার শেয়ার, যা আগের দিনে চেয়ে ১২৪ কোটি টাকা বেশি। মঙ্গলবার হাতবদল হয়েছিল ৭১১ কোটি টাকার শেয়ার।
এর আগে ২০১৩ সালের ৩০ নভেম্বর ডিএসইতে ৮৮৯ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সার্বিক সূচক আগের দিনের চেয়ে ৫৬ পয়েন্ট বেড়ে চার হাজার ৬৪১ পয়েন্ট হয়েছে। মঙ্গলবার ডিএসইর সার্বিক সূচক বাড়ে ৩৪ পয়েন্ট।
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার মোট ৭২ কোটি টাকার শেয়ার হাতবদল হয়, যা আগের দিনের চেয়ে প্রায় আট কোটি টাকা বেশি।
দিনশেষে এ বাজারের প্রধান সূচক সিএসিএক্স ১১৮ পয়েন্ট বেড়ে নয় হাজার ১১৫ পয়েন্ট।
বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানির শেয়ারের মধ্যে ১৯১টির দাম বেড়েছে, কমেছে ৮৩টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টির দাম।
নির্বাচনের পরে ডিএসইতে প্রতিদিন গড়ে সাড়ে ছয়শ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে।
নির্বাচনের ঠিক আগের দুই সপ্তাহে ডিএসই সূচক মোট ৯৯ পয়েন্ট হারিয়েছিল, দৈনিক গড় লেনদেন ছিল ৪৭৭ থেকে ৫১২ কোটি টাকার মধ্যে।
২০১৩ সালে ডিএসইতে সূচক বাড়ে ১৭০ পয়েন্ট, দৈনিক গড়ে ৪০০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়।
